


প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে শুক্রবার বিকেল ৪টায় গঙ্গাচড়া শহীদ মিনার চত্বরে ইসলামি আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতিত্ব এ.টি.এম গোলাম মোস্তফা (বাবু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মুফতি মুহাম্মদ আবু তালহা, ইসলামি আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সহকারী অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ শরিফুল ইসলাম, ইসলামি শ্রমিক আন্দোলন রংপুর জেলা সভাপতি মুহাম্মদ একরামুল হক, ইসলামি যুব আন্দোলন রংপুর জেলা সভাপতি মুহাম্মদ তাহমিদুর রহমান এবং ইসলামি ছাত্র আন্দোলন রংপুর জেলা সহ-সভাপতি মুহাম্মদ আবুবক্কর সিদ্দিক।
সমাবেশে বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সমাধানে ইসলামি শাসনতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য। তারা গণহত্যার সঠিক বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, জনগণের অধিকার ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত করতে ইসলামি আন্দোলনের কোনো বিকল্প নেই।
সভায় সভাপতিত্ব করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আনিচুর রহমান। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।