
রংপুরের পীরগাছা জ্ঞানেন্দ্র নারায়ণ (জে.এন) সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় হলরুমে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্পা রানী রায়ের সভাপতিত্বে এতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল। তিনি বলেন, আমরা এক সময় মাদকের কথাও শুনি নাই। এখন মাদকদ্রব্য সহজলভ্য হয়ে গেছে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সন্তানরা কোথায় যায়, কেমন বন্ধুর সাথে মিশে-আপনাদের খেয়াল রাখতে হবে। যদি পাঁচজন ধুমপায়ী বন্ধুর সাথে আপনার সন্তান মিশে তাহলে এক সময় সেও ধুমপান করবে। ধুমপান হচ্ছে মাদকের গেটওয়ে।
এসময় পীরগাছা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা মায়েদের উদ্দেশ্যে বলেন, আপনারা বাচ্চাদের খেয়াল রাখবেন। বাচ্চাদের সঠিকভাবে লেখাপড়া করাবেন। বাচ্চাদের যদি ঠিকমতো লেখাপড়া করে মানুষের মতো মানুষ করতে পারেন তাহলে আপনারা সুনামসহ সবকিছু অর্জন করতে পারবেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্পনা বেগম ও আলমগীর হোসেনের যৌথ সঞ্চালনায় অভিভাবক সমাবেশে আরও বক্তব্য রাখেন পীরগাছা সরকারি কলেজের প্রভাষক হাবিবুর রহমান উজ্জ্বল, দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম খান, সাবু হাজী, সিনিয়র শিক্ষক হাফিজার রহমান। এছাড়াও বিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
Related