


রংপুরের তারাগঞ্জে খোলাহাটি ক্ষুদ্র ও কুটির শিল্প বাণিজ্য মেলায় লটারির টিকিট বিক্রির দায়ে মেহেদুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা এ দণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বদরগঞ্জ উপজেলার খোলাহাটি ক্ষুদ্র ও কুটির শিল্প বাণিজ্য মেলার লটারির টিকেট তারাগঞ্জে বালাবাড়ি বাসস্ট্যান্ডে বিক্রি করছিলেন মেহেদুল ইসলাম। এ সময় তাকে আটক করে জরিমানা ও কারাদণ্ড দেয়া হয়। এবং ৫০০ টিকেট জব্দ করে পুড়িয়ে দেয়া হয়। মেহেদুল ইসলাম উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজীপুর গ্রামের আব্দুস সামাদ মিয়ার ছেলে। স্থানীয়রা গোপনে টিকিট বিক্রির সময় তাকে আটক করে ইউএনওকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা বলেন, লটারির টিকিট বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। খবর পেয়ে বালাবাড়ি বাসস্ট্যান্ডে অভিযান চালাই।সাক্ষীদের বক্তব্য শুনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা অর্থ দন্ড দেওয়া হয়।