দুবাইয়ে আজ মাত্র ১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ব্যাটসম্যানরা যেন সব কিছু ভুলেই বসেছিলেন। একের পর এক দায়িত্বজ্ঞানহীন শট খেলে উইকেট বিলিয়ে দেওয়ার এক প্রদর্শনীই যেন চলল গোটা ইনিংসে। লড়াই জমাতে পারেননি কেউই। যদিও শামীম হোসেন কিছুটা প্রতিরোধ গড়েছিলেন ২৫ বলে ৩০ রানের ইনিংস খেলে, কিন্তু দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি তিনিও।
ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি দারুণ বোলিং করে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। সাইম আইয়ুব ও মোহাম্মদ নাওয়াজকেও দেখা গেছে কার্যকর ভূমিকা নিতে।
আফ্রিদির বোলিং-তাণ্ডবই মূলত বাংলাদেশের ইনিংসের ভিত নড়িয়ে দেয়। এ জন্যই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতেই।
তাসকিন আহমেদ এবং রিশাদ হোসেন বল হাতে কার্যকর ভূমিকা রেখেছেন। তাসকিন ৪ ওভারে ৩ উইকেট তুলে নেন, রিশাদও পেয়েছেন ২টি। ব্যাট হাতে কেউই বড় ইনিংস গড়তে না পারলেও, শামীম ও রিশাদের লড়াকু চেষ্টা হার মানে বাকি ব্যাটসম্যানদের হালকাভাবে উইকেট হারানোর প্রবণতার কাছে।
এই ম্যাচের ফলাফলের মধ্য দিয়ে ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ভারত ও পাকিস্তান এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে। ১৯৮৪ সালে টুর্নামেন্ট শুরুর পর এতদিনেও এমন সুযোগ আসেনি। ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইয়ে, রোববার।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ১৩৫/৮ (হারিস ৩১, নেওয়াজ ২৫, আফ্রিদি ১৯, সালমান ১৯, ফাহিম ১৪*, ফখর ১৩; তাসকিন ৩/২৮, রিশাদ ২/১৮, মেহেদী ২/২৮, মোস্তাফিজ ১/৩৩)।
বাংলাদেশ: ২০ ওভারে ১২৪/৯ (শামীম ৩০, সাইফ ১৭, নুরুল ১৬, রিশাদ ১৬*, মেহেদী ১১, তানজিম ১০; আফ্রিদি ৩/১৭, রউফ ৩/৩৩, সাইম ২/১৬, নেওয়াজ ১/১৪)।
ফল: পাকিস্তান ১১ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: শাহিন শাহ আফ্রিদি।

























