


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হাসানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কারমাইকেল কলেজ ছাত্রদল। সোমবার (২০ অক্টোবর) দুপুরে কলেজের জিএল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশে বক্তব্য রাখেন, কারমাইকেল কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. আরিফ, যুগ্ম আহ্বায়ক মাহফুজুল আহমেদ মীম, সদস্য এবিএম ফাইজুন নবী সহস্র প্রমুখ।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ঢাকায় ছুরিকাঘাত করে মেধাবী ছাত্র জুবায়েদকে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবী জানাচ্ছি। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি জুলাই অভ্যূত্থান পরবর্তী ছাত্র হত্যার ঘটনায় আসামি গ্রেফতারসহ দ্রুত তাদের বিচারের মুখোমুখি করা নিয়ে সরকার উদাসীন রয়েছে। আমরা চাই প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দেবে সরকার। সেই সাথে আর কোন ছাত্রকে দূর্বৃত্তদের হাতে যেন প্রাণ দিতে না হয়, সেলক্ষ্যে সর্বত্রই নিরাপত্তা জোরদার করতে হবে। আইনের শাসন কঠোরভাবে প্রতিপালন করার জোর দাবি জানাচ্ছি।
এদিকে বিকেলে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন ইসলাম ও সদস্য সচিব রাশেদ মন্ডলসহ আরো অনেকে।