
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রংপুর-৪ আসনে (কাউনিয়া-পীরগাছা) গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। শনিবার দুপুরে তিনি পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতের চরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় বৃষ্টি উপেক্ষা করে তিনি কাঁদামাটিতে নেমে হ্যাণ্ড মাইকে গ্রামবাসীর সঙ্গে কথা বলেন।
গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক পার্টি, পীরগাছা উপজেলার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন, মাহাবুর রহমান মিঠু, সদস্য হাবিবুর রহমান হাবিব, আব্দুর রাজ্জাক,আব্দুল গণি, আনোয়ারুল ইসলাম ও জাবেদ আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।দিনভর গণসংযোগ শেষে বিকেলে আখতার হোসেন তাম্বুলপুর হাইস্কুল মাঠে মুক্তধারা সমাজ কল্যাণ সাংস্কৃতিক সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের ব্যানারে সভাপতি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার নাম থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। তবে অনুষ্ঠানে উপজেলা জামায়াতে আমীর ও তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১ জুলাই রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র পথসভায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
Related