


ধানের শীষের অঙ্গীকার দেশ হবে জনতার” এই অঙ্গীকারকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সাবেক সংসদ সদস্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি’র সম্ভাব্য প্রার্থী আখতারুজ্জামান মিয়া গতকাল বুধবার দিনব্যাপী গণসংযোগে ব্যস্ত সময় কাটান খানসামা উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে।
দলীয় প্রতীক ধানের শীষে সমর্থন আদায় ও জনসাধারণের সঙ্গে সরাসরি মতবিনিময় করতে তিনি অংশ নেন গণসংযোগ, উঠান বৈঠক ও কুশল বিনিময় কর্মসূচিতে।
এ সময় গ্রামের সাধারণ মানুষ, কৃষক, শ্রমজীবী, তরুণ ভোটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলে তাদের দুঃখ-কষ্ট, স্বপ্ন ও প্রত্যাশার কথা শোনেন তিনি। সরেজমিনে দেখা যায়, পথচারী ও গ্রামীণ জনতার মধ্যে ছিল উচ্ছ্বাস ও আগ্রহ। নানা বয়সী মানুষ তাকে ঘিরে আত্মীয়তার হাসি, শুভেচ্ছা ও প্রত্যাশার কথা ব্যক্ত করেন।
আখতারুজ্জামান মিয়া বলেন, “দেশের মালিক জনগণ, ক্ষমতাও জনগণের হাতে ফিরিয়ে আনতেই আমাদের সংগ্রাম। ধানের শীষ হচ্ছে গণমানুষের প্রতীক। এই প্রতীকেই মানুষের অধিকার ও গণতন্ত্র ফিরে আসবে।” তিনি আরও বলেন, “স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।” গণসংযোগকে ঘিরে এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন সড়ক ও গ্রামাঞ্চলে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী এসময় তার সাথে উপস্থিত ছিলেন।