1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চুয়াডাঙ্গায় ধারণ করা ইত্যাদি দেখা যাবে আজ | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় ধারণ করা ইত্যাদি দেখা যাবে আজ

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৯ জন দেখেছেন

আমাদের ইতিহাস, ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি, পুরাকীর্তি ও আকর্ষণীয় পর্যটনসমৃদ্ধ অঞ্চলগুলোতে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় ধারণ করা জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ আজ প্রচারিত হবে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠানটি দেখা যাবে।

এবারের ইত্যাদি ধারণ করা হয়েছে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় অবস্থিত ব্রিটিশ আমলে নির্মিত শতাধিক বছরের প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নাটুদা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে। হাজার দুয়ারি নামে পরিচিত এই বিদ্যালয় প্রাঙ্গণেই নির্মাণ করা হয় ইত্যাদির মঞ্চ। অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

 

এবারের ‘ইত্যাদি’ ধারণ উপলক্ষে পুরো চুয়াডাঙ্গাজুড়েই ছিল উৎসবের আমেজ। অনুষ্ঠানস্থল ঘিরে বসে জমজমাট মেলা, পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। দুপুরের পর থেকেই দর্শকদের ঢল নামে। জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা বিশেষ আমন্ত্রণপত্রের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। দামুড়হুদায় ধারণ হলেও চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী মেহেরপুর ও ঝিনাইদহ জেলা থেকে দর্শকরা এসে শীত উপেক্ষা করে দীর্ঘ সময় ধরে উপভোগ করেন প্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’।

এবারের পর্বে থাকছে দুটি গান। একটি পরিবেশন করেছেন চুয়াডাঙ্গার সন্তান লোকসংগীতশিল্পী বিউটি এবং ইত্যাদির আবিষ্কার জনপ্রিয় শিল্পী পান্থ কানাই। গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, সংগৃহীত সুরে সংগীতায়োজন করেছেন মেহেদী। অনুষ্ঠানের শুরুতে চুয়াডাঙ্গার কৃষ্টিকথা ও ইতিহাসগাঁথা নিয়ে থাকছে একটি পরিচিতিমূলক গান ও নৃত্য। শাহ আলম সনির কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন মেহেদী। স্থানীয় নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেছেন, কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ। কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা।

চুয়াডাঙ্গায় ধারণ করা ইত্যাদি দেখা যাবে আজ

দর্শকপর্বে চুয়াডাঙ্গা কেন্দ্রিক প্রশ্নোত্তরের মাধ্যমে চারজন দর্শক নির্বাচন করা হয়। নির্বাচিত দর্শকদের নিয়ে চিঠি ও রেললাইন বিষয়ক বহুশ্রুত ও হৃদয়ছোঁয়া কয়েকটি জনপ্রিয় গান দিয়ে সাজানো হয়েছে এই পর্ব।

শিকড়সন্ধানী ‘ইত্যাদি’ বরাবরের মতো এবারও তুলে ধরেছে দেশের প্রত্যন্ত অঞ্চলের নিবেদিতপ্রাণ মানুষ ও অজানা-অচেনা তথ্যভিত্তিক প্রতিবেদন। এবারের পর্বে রয়েছে চুয়াডাঙ্গা জেলার ইতিহাস-ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে তথ্যবহুল প্রতিবেদন। ‘বন্য প্রাণী ও পাখির গ্রাম’ হিসেবে পরিচিত বেলগাছি গ্রামের পাখিপ্রেমী তরুণ বখতিয়ার হামিদ ও তাঁর কাজ নিয়ে রয়েছে বিশেষ প্রতিবেদন। পাশাপাশি বিশ্বখ্যাত ব্ল্যাক বেঙ্গল গোট বা ছাগলকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার গ্রামীণ অর্থনীতিতে নীরব বিপ্লবের গল্প তুলে ধরা হয়েছে।

 

এছাড়াও ফল-ফসলের জেলা চুয়াডাঙ্গায় তরুণদের হাত ধরে নতুন দিনের কৃষির সূচনা, জনপ্রিয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত কাশিপুর জমিদারবাড়ি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য আটচালা ঘর, হাজার হাজার খেজুর গাছ ও গাছিদের জীবনসংগ্রাম নিয়ে মানবিক প্রতিবেদন থাকছে এই পর্বে। বিদেশি প্রতিবেদনে দেখানো হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভার্ডে অবস্থিত ডলবি থিয়েটারের সামনে ‘ওয়াক অব ফেম’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )