


দিনাজপুরের ঘোড়াঘাটে সারা দেশের ন্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে স্কুল ফিডিং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় সারা দেশের ১৫০টি উপজেলায় একযোগে এই কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ঘোড়াঘাট উপজেলার নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ঘোড়াঘাট উপজেলা পিটিএ সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু। এ সময় তিনি বলেন, “শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে স্কুল ফিডিং কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে এবং লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি পাবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেন। তিনি জানান, এই কর্মসূচির ফলে শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে আসতে আগ্রহী হবে এবং তাদের স্বাস্থ্য ও শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের প্রথম দিনেই নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১২৮ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ফিডিং কর্মসূচির স্কুল ফিড বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই উদ্যোগ দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।