
একটি পরিবারের দিন কাটছে উৎকণ্ঠা আর অপেক্ষায়। রংপুরের পীরগাছা উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক যুবক নিখোঁজ হওয়ার পর থেকে বাবা-মায়ের চোখে ঘুম নেই, মুখে শুধু একটাই কথা, আমার ছেলেটাকে কেউ দেখলে একটু জানাবেন।
নিখোঁজ যুবকের নাম রেজাউল ইসলাম (৩৪)। তিনি পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা, আফজাল হোসেন ও রাজিয়া বেগম দম্পত্তির সন্তান। পরিবারের সদস্যরা জানান, রেজাউল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হলেও অবস্থার তেমন উন্নতি হয়নি। মানসিক সমস্যার কারণে তিনি প্রায়ই অজান্তেই বাড়ি থেকে বের হয়ে যান। তবে আগে কখনও এতদিন নিখোঁজ থাকেননি।
গত ৫ ডিসেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে আর ফিরে আসেননি। পরিবারের লোকজন আত্মীয়স্বজনের বাড়ি, আশপাশের গ্রাম, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।অবশেষে নিরুপায় হয়ে পরিবারের পক্ষ থেকে পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
নিখোঁজের সময় রেজাউল ইসলামের পরনে ছিল নীল রঙের ফুল টিশার্ট ও লাল রঙের প্যান্ট। তার গায়ের রঙ ফর্সা, উচ্চতা তুলনামূলক বেশি। মুখে লম্বা দাড়ি ও গোঁফ রয়েছে।সন্তানের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা আফজাল হোসেন। তিনি বলেন, ‘আমার ছেলে মানসিকভাবে অসুস্থ। সে ভালো-মন্দ বোঝে না। অনেক দিন ধরে তাকে খুঁজে পাচ্ছি না। বাবা হিসেবে এর চেয়ে কষ্টের কিছু নেই। কেউ যদি আমার ছেলেকে কোথাও দেখে থাকেন, আল্লাহর ওয়াস্তে একটু খবর দেবেন।’
তিনি আরও জানান, রেজাউল চন্ডিপুর চন্ডিপুর মডেল হাইস্কুল থেকে এসএসসি পাস করেছিলেন। নিখোঁজ রেজাউল ইসলামের কোনো সন্ধান পাওয়া গেলে নিকটস্থ থানায় জানানো অথবা সরাসরি ০১৭৮৮-০৪২১১৮ নম্বরে যোগাযোগ করার জন্য স্বজনদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
Related