


নানান সংকটের মধ্যে ফের নিপাহ ভাইরাসের আতঙ্ক দেখা দিয়েছে। দেশের ৩৫ জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ভাইরাসের বিস্তার ও সংক্রমণের ধরন উদ্বেগজনক হারে পরিবর্তন হচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছে আইইডিসিআর। সংস্থাটি জানায়, গত বছর (২০২৫) রেকর্ড করা চারটি কেসের সব কটিতেই ১০০ শতাংশ মৃত্যুর পাশাপাশি প্রথমবারের মতো একটি ‘অ-মৌসুমি কেস’ পাওয়া গেছে। যা রীতিমত উদ্বেগজনক। সম্প্রতি আইইডিসিআরের মিলনায়তনে ‘নিপাহ ভাইরাসের বিস্তার ও ঝুঁকি বিষয়ে মতবিনিময়’ শীর্ষক সভায় উপস্থাপিত প্রবন্ধে এসব তথ্য জানানো হয়। এসব জেলাকে এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে ঝুঁকিপূর্ণ হিসেবে। তাই হাসপাতালে জ¦র নিয়ে আসা রোগীদের সেবা দেওয়ার সময় সতর্কতামূলক ব্যবস্থা নিতে চিকিৎসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে, সচেতন মানুষজন বলছেন, সামনে জাতীয় নির্বাচনসহ নানামুখী সংকটের মধ্য দিয়ে চলছে দেশ। এই সময়ে প্রাণঘাতি নিপাহ ভাইরাসের বিস্তার অনেকটা ‘গোদের ওপর বিষফোঁড়া’র মত।
উপস্থাপিত প্রবন্ধে দেখা যায়, ২০২৫ সালে নওগাঁ, ভোলা, রাজবাড়ী ও নীলফামারী এই চার জেলায় চারজন নিপাহ রোগী শনাক্ত হন এবং প্রত্যেকেই মৃত্যুবরণ করেন। এদের মধ্যে নওগাঁয় ৮ বছরের এক শিশুর ঘটনাটি ছিল দেশে প্রথম ‘অ-মৌসুমি নিপাহ কেস’, যা শীতকাল ছাড়াই আগস্ট মাসে শনাক্ত হয়। ওই শিশুর সংক্রমণের উৎস ছিল বাঁদুড়ের আধাখাওয়া ফল (কালোজাম, খেজুর, আম) খাওয়া, যা নিপাহ ছড়ানোর একটি নতুন ও এলার্মিং হিসেবে চিহ্নিত হয়েছে। নিপাহ ভাইরাসের ব্যাপক বিস্তার ঘটছে উল্লে¬খ করে বলা হয়, দেশের ৬৪ জেলার মধ্যে ৩৫টিতেই নিপাহ ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাটে সংক্রমণ ও মৃত্যুর হার তুলনামূলকভাবে বেশি। গত বছর শনাক্ত ৪ জনের সবাই মারা গেছেন (মৃত্যুর হার ১০০ শতাংশ)। গ্লে¬াবালি নিপাহ ভাইরাসে আক্রান্তদের গড় মৃত্যুহার প্রায় ৭২ শতাংশ। প্রবন্ধে আরও বলা হয়, ঐতিহাসিকভাবে খেজুরের কাঁচা রসকে প্রধান উৎস মনে করা হলেও ২০২৫ সালে নওগাঁর কেস প্রমাণ করে, বাঁদুড়ের লালা বা মূত্রে দূষিত যে কোনো আধাখাওয়া ফল সরাসরি খাওয়ার মাধ্যমেও সংক্রমণ ঘটতে পারে এবং সারা বছরই তা সম্ভব। মানুষ থেকে মানুষে সংক্রমণ ঘটে উল্লেখ করে বলা হয়, প্রায় ২৮ শতাংশ ক্ষেত্রে নিপাহ আক্রান্ত ব্যক্তি থেকে সরাসরি অন্য ব্যক্তিতে সংক্রমণ ছড়ায়, যা স্বাস্থ্যকর্মী ও পরিবারের সদস্যদের জন্য উচ্চ ঝুঁকি তৈরি করে।
সভায় জানানো হয়, ‘২০২৫ সালের অ-মৌসুমি কেস এবং নতুন সংক্রমণের পথ আমাদের জন্য একটি বড় ওয়ার্নিং সিগন্যাল। নিপাহ এখন শুধু শীত বা খেজুরের রসের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা একটি সারা বছরের এবং বহুমুখী সংক্রমণের হুমকিতে পরিণত হচ্ছে।’ সে কারণে ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। ২০২৪ সালে দেশে নিপাহ ভাইরাসে ৫ জন আক্রান্ত হয়েছিলেন এবং তাদের সবারই মৃত্যু হয়েছিল। ২০২৫ সালের তথ্য এবং নতুন সংক্রমণ পথের আবিষ্কার নিপাহ মোকাবিলায় বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান বিশেষজ্ঞরা। নিপাহ ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে তারা জানান, কাঁচা খেজুরের রস পান করা যাবে না, আংশিক খাওয়া বা পোকায় কাটা ফল খাওয়া থেকে বিরত থাকতে হবে, ফলমূল পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে খেতে হবে, নিপাহ রোগের লক্ষ্মণ দেখা দিলে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যেতে হবে এবং আক্রান্ত রোগীর সংস্পর্শে এলে সাবান ও পানি দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে।
অনুসন্ধানে জানা যায়, ২০১১ সালের ১ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের লালমনিরহাটের হাতিবান্ধায় প্রথম ধরা পড়েছিল নিপাহ ভাইরাস। নয় দিনের মাথায় এক এক করে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় ২৪ জন। ২০১৫ সালে ফেব্রুয়ারি মাসের শুরুতেই নওগাঁয় সেই নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে শিশুসহ তিনজনের প্রাণহানি ঘটে। এর পর ২০১৮ সালে বগুড়ার দুপচাঁচিয়ায় খেজুরের রস পানে দুই বোনের মৃত্যু হয়। এছাড়া ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ২০ দিনের ব্যবধানে ঠাকুরগাঁওয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যুর কারণও নিপাহ ভাইরাস। এতে ‘নিপাহ’ আতংক ছড়িয়ে পড়ে গোটা উত্তরাঞ্চলে।
সর্বপ্রথম লালমনিরহাটের হাতিবান্ধায় সামান্য জ¦র, মাথাব্যাথা ও শ্বাসকষ্টে একেবারেই অজান্তেই প্রাণ ঝরে যায় সুদীপ্ত, সাগর, অরণ্য আর অনণ্যা’র মত বেশ কয়েকটি তাজা প্রাণ। অজানা রোগ হিসেবে সর্বত্র আতংক ছড়িয়ে পড়লে ঢাকা থেকে বিশেষজ্ঞ দল ছুটে আসে। এসময় তাঁরা রোগের কারণ হিসেবে যখন ঘাতক ‘নিপাহ ভাইরাস’ আবিস্কার করেন তখন সরকারিভাবে ওই এলাকায় মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১৯-এ। ১ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে হাতিবান্ধায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় ২৪ জন। এরপর ওই ভাইরাস ছড়িয়ে পড়লে রংপুরের গঙ্গাচড়ার স্কুলছাত্রী লুবনা আক্তারসহ কাউনিয়া, পীরগাছা এবং রাজশাহীসহ উত্তরাঞ্চলের অন্যান্য এলাকায় আরও কয়েকজনের মৃত্যু ঘটে। সে সময় বিশেষজ্ঞরা জানান, শীতের সময় এই নিপাহ নামক ভাইরাসটি বাঁদুড়ই বহন করে থাকে। ভাইরাস বহনকারী বাঁদুড় যখন শীতকালে খেঁজুরের রসের হাড়িতে বসে রস খায় এবং বিভিন্ন ফল খায় তখন তার লালার মাধ্যমে নিপাহ ভাইরাস ছড়ায়। এ কারণে বিশেষজ্ঞরা খেঁজুরের রস ও বাঁদুড় কিংবা অন্য কোন পাখি কামড়ানো ফল না খাওয়ার পরামর্শ দেন।
নিশাচর ও স্তন্যপায়ী প্রাণী বাঁদুড় নিপাহ ভাইরাস বহন করায় ওই বছর কয়েকদিনের ব্যবধানে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা, রাজশাহী, জয়পুরহাটসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যায়। খেঁজুরের কাঁচা রস খেয়ে ভাইরাসে আক্রান্ত হয়ে এমন ঘটনা ঘটে বলে চিকিৎসকরা নিশ্চিত হয়েছিলেন। বাঁদুড় নাকি দিনে তেমন দেখে না। অথচ রাতের বেলায় চষে বেড়ায় সর্বত্র। শীতের সময়ে খেজুরের রস কিংবা অন্যান্য ফল খেয়ে সাবাড় করে দেয়। বাঁদুড়ের লালা থেকেই মানুষের দেহে সংক্রমিত হয় নিপাহ ভাইরাস। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিসংখ্যান অনুযায়ী নিপাহ ভাইরাসে ২০০১ থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট ৩৩৫ ব্যক্তি সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ২৩৫ জন।
এদিকে, রংপুরের গ্রামাঞ্চলে সহস্রাধিক গাছি রয়েছেন। যারা বাপ-দাদার পেশাকে আঁকড়ে ধরে প্রতি বছর শীত মৌসুমে খেঁজুর গাছের রস নামিয়ে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তেমনি একজন নগরীর কাছনা তকেয়ারপাড়া এলাকার মতিন চন্দ্র বর্মণ। তার ভাষ্যমতে বর্তমানে বয়স হয়েছে ৯০ বছর। ৭০ বছর এই পেশাকে আঁকড়ে ধরে আছেন তিনি। সে কারণে এলাকায় গাছি মতিন হিসেবে পরিচিতি রয়েছে তার। বয়সের ভারে ন্যুয়ে পড়লেও সংসার চালানোর তাগিদে ঝুঁকি নিয়ে তিনি খেজুর গাছের রস সংগ্রহের কাজ করেন। কোমরের পিছনে মাটির হাঁড়ি কিংবা প্লাষ্টিকের জারকিন, খুব সকালে কোমরে দঁড়ি বাঁধা ছাড়াই খেজুর গাছে ওঠেন।
সংগৃহিত টাটকা রস ছাঁকুনি দিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে বিক্রি করেন। তিনি জানান, ২০ বছর বয়সে নিজেদের খেঁজুর গাছের রস সংগ্রহ শুরু করলেও ধীরে ধীরে এটা পেশায় পরিনত হয়ে ওঠে তার। কষ্টের সঙ্গে তিনি বলেন, ‘আগোত এক গ্লাস রস পাঁচ টাকায় ব্যাচে (বিক্রি করে) দিন ২০০ থাকি ৩০০ টাকা কামাই হইতো। যা দিয়ে কোনমতে চলতো সংসার। তয় এ্যালা অসুখের ভয়ে কাঁয়ও খেঁজুরের রস খাবার চায়না।’ তিনি জানান, এই বয়সে অন্য কাজ করার সামর্থ নাই তার। তাই খেঁজুরের রসের প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি করতে তিনি কৌশলও অবলম্বন করেছেন। গাছের কাটা অংশ (যেখান থেকে রস বের হয়) তিনি বাঁশের চাঁটাই দিয়ে ঢেকে রাখেন। যাতে ভাইরাস বহনকারী বাঁদুড় রসে মুখ লাগাতে না পারে। তারপরও খেঁজুরের রসের প্রতি মানুষের একটা ভীতি কাজ করছে বলে জানান তিনি। তবে কিছু মানুষ আছেন যারা শীত মৌসুমে অতি উৎসাহী হয়ে খেঁজুরের রস পান করে নিজেরাই ঝুঁকির মধ্যে পড়েন। নিপাহ ভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রমণ ঘটে বলে মারাত্মক বিপজ্জনক। এর সংক্রমণ এড়াতে সকলকে খেজুরের রস পান করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে আইইডিসিআর।