1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সমালোচনাকারীদের আয়নায় নিজেদের চেহারা দেখতে বললেন ডা. জাহিদ হোসেন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

সমালোচনাকারীদের আয়নায় নিজেদের চেহারা দেখতে বললেন ডা. জাহিদ হোসেন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০০ জন দেখেছেন

দিনাজপুর ৬ নির্বাচনী জনসভায় বিএনপির সমালোচনাকারীদের উদ্দেশে কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন ধানের শীষের প্রার্থী এবং দলটির কেন্দ্রীয় নেতা ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, “আমরা কোনো দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দিতে চাই না। নির্বাচনকে কলুষিত করতে কাউকে কোনো ধরনের কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। যারা আজ বিএনপিকে নিয়ে কথা বলেন, তাদের বলবো—সমালোচনার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন।”

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮ টায় দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের আজাদ মোড়ে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. জাহিদ হোসেন বলেন, “বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, সহিংসতার রাজনীতিও করে না। বিএনপি কখনো সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি কিংবা দখলদারত্বকে প্রশ্রয় দেয় না।” তিনি আরও বলেন, “আজ কিছু মানুষ অপপ্রচার চালাচ্ছেন—ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড নাকি দলীয় লোকদের দেওয়া হবে। আমি স্পষ্ট করে বলতে চাই—আপনার পরিচয় শুধু একটাই, আপনি বাংলাদেশি এবং এই এলাকার মানুষ। ধর্ম, বর্ণ, গোত্র কিংবা রাজনৈতিক বিশ্বাস নির্বিশেষে সবাই বিএনপির সেবা পাবেন। কারণ বিএনপি জনগণের দল, দলবাজিতে বিশ্বাস করে না।”

 

আদিবাসী ও সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “যারা আজ আদিবাসীদের ওপর অত্যাচার চালাচ্ছে কিংবা ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে, তাদের বলতে চাই—আমরা শুধু নির্বাচনের স্বার্থে এখন চুপ করে আছি। কেউ যেন ভাববেন না আদিবাসীরা অসহায় বা নিঃস্ব। তাদের পেছনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে থাকবে। সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের ধর্মীয় কাজে কেউ বাধা দিলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে—ইনশাআল্লাহ।”

 

তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে ইতিহাস সৃষ্টি করবে। ইনশাআল্লাহ জনগণের রায়ে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়ে জনাব তারেক রহমান এ দেশের মানুষের সেবা করার সুযোগ পাবেন।”

 

জনসভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )