


ইংলিশ ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন বায়ার্ন মিউনিখের গোলমেশিন হ্যারি কেইন। ক্যারিয়ারের ৫০০তম গোল করে তিনি হয়ে গেলেন এই মাইলফলকে পৌঁছানো প্রথম ইংলিশ ফুটবলার। শনিবার বুন্দেসলিগায় ব্রেমেনের মাঠে ৩-০ ব্যবধানে জয় পায় বায়ার্ন। ম্যাচে জোড়া গোল করেন কেইন, যা দলকে শীর্ষস্থানে আরও শক্ত অবস্থান এনে দেয়।
এর আগে গত ডিসেম্বরে কিংবদন্তি জিমি গ্রিভসের ৪৭৪ গোলের রেকর্ড ছাড়িয়ে ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হন কেইন। জাতীয় দলের জার্সিতেও তিনি সবার ওপরে ওয়েন রুনিকে পেছনে ফেলে তাঁর আন্তর্জাতিক গোল এখন ৭৮।
১৫ বছর আগে পেশাদার ক্যারিয়ারের প্রথম গোলটি করেছিলেন লেটন ওরিয়েন্টের হয়ে। এরপর একে একে লেস্টার সিটি ২ গোল, মিলওয়াল ৯ গোল, টটেনহ্যাম হটস্পারের হয়ে ২৮০ গোল এবং বায়ার্ন মিউনিখ ১২৬ গোল। সব মিলিয়ে ৭৪৩ ম্যাচে পৌঁছেছেন ৫০০ গোলের অনন্য উচ্চতায়।
গোলের পরিসংখ্যান এক নজরে প্রিমিয়ার লিগে- ২১৩ গোল বুন্দেসলিগায়, ৮৯ গোল পেনাল্টি থেকে, ১০০ গোল চ্যাম্পিয়নস লিগে, ৪৮ গোল (ইংলিশদের মধ্যে সর্বোচ্চ)। ৫০০তম গোলটি আসে দূরপাল্লার দারুণ এক শটে।
পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো ২০১৫ সালে ৭৫৩ ম্যাচে ৫০০ গোল পূর্ণ করেছিলেন। আর দ্রুততম হিসেবে রেকর্ডটি এখনো আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির দখলে; তিনি মাত্র ৬৩২ ম্যাচেই ছুঁয়েছিলেন এই মাইলফলক।
এখন কেইনের চোখ আরেক রেকর্ডে। বুন্দেসলিগায় এক মৌসুমে সর্বোচ্চ ৪১ গোলের কীর্তি আছে রবার্ট লেভানডভস্কির। চলতি মৌসুমে কেইনের গোল ২৬, বাকি আছে ১২ ম্যাচ। প্রতি ম্যাচে গড়ে ১.২৫ গোল করতে পারলে সেই রেকর্ডও নিজের করে নিতে পারেন ইংলিশ এই স্ট্রাইকার।