1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইনে ক্লাসের প্রস্তাব | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইনে ক্লাসের প্রস্তাব

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩১ জন দেখেছেন
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবের মধ্যে পড়াশোনার গতি সচল রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস নেওয়ার প্রস্তাব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদে এ প্রস্তাব উত্থাপন করা হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান। তিনি আরও জানান, চূড়ান্ত সিদ্ধান্ত হলে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন যে কোনো সময় জারি হতে পারে।

 

প্রস্তাব অনুযায়ী, সপ্তাহে মোট ছয় দিন ক্লাস হবে। এর মধ্যে তিন দিন শিক্ষার্থীরা সরাসরি স্কুলে উপস্থিত হয়ে ক্লাস করবে এবং বাকি তিন দিন ইন্টারনেটের মাধ্যমে পাঠদান চলবে। ক্লাসের দিন নির্ধারণে জোড়–বিজোড় তারিখ বা রোল নম্বর পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

তবে অনলাইন ক্লাসের দিনগুলোতেও শিক্ষকদের সশরীরে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে সেখান থেকেই পাঠদান পরিচালনা করতে হবে। বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ের ব্যবহারিক ক্লাসগুলো অফলাইনে ল্যাবে সম্পন্ন করার নির্দেশনা থাকবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা পুষিয়ে নিতেই সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে জ্বালানি সংকট ঘনীভূত হওয়ায় যাতায়াত ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে তিন দিন অনলাইন মাধ্যম বেছে নেওয়া হয়েছে। আপাতত এটি পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে।

রমজান, ঈদ ও বিশেষ ছুটি মিলিয়ে দীর্ঘ ৪০ দিন পর গত রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও প্রথম দিনে উপস্থিতির হার ছিল আশঙ্কাজনকভাবে কম। বিশেষ করে ধানমন্ডি, গুলশান ও উত্তরার মতো এলাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপস্থিতি কম ছিল।

 

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা খাতুন জানান, জ্বালানি সংকটে গাড়ি ব্যবহার করতে না পারায় অনেক অভিভাবক আগেই স্কুল কর্তৃপক্ষকে ছুটির কথা জানিয়েছিলেন।

ঈদের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর পরিস্থিতি সামাল দিতে তিনটি বিকল্প পরিকল্পনা রেখেছিল সরকার। সংকট তীব্র হলে পূর্ণাঙ্গ অনলাইন ক্লাস, সরাসরি ও অনলাইন—উভয় মাধ্যম চালু রেখে হাইব্রিড পদ্ধতি এবং সমন্বিত রুটিনের মাধ্যমে সপ্তাহের দিন ভাগ করে ক্লাস নেওয়ার পরিকল্পনা ছিল।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক বি এম হান্নান জানান, শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাইব্রিড পদ্ধতিতে শিক্ষাক্রম পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )