দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সোমবার (২৭ এপ্রিল) সকালে এক বিশাল মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।
আজ সকালে উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে উত্তেজিত জনতা মিছিল নিয়ে চিলমারী মডেল থানার সামনে গিয়ে অবস্থান ধর্মঘট সহ সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।
এসময় বিক্ষোভকারীরা আয়শা হত্যার বিচার চাই, আমার বোন কবরে খুনি কেন বাইরে, আয়শা হত্যার খুনিদের ফাঁসি চাই সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সবশেষে মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভের একপর্যায়ে উপজেলা পরিষদ চত্বরের প্রধান ফটকে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান। তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুততম সময়ে দোষীদের আইনের আওতায় আনতে প্রশাসন কাজ করছে। তার পক্ষ থেকে দ্রুত বিচার নিশ্চিতের জোরালো আশ্বাস পেয়ে স্থানীয়রা তাদের অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেন।
এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার জানান, পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে আসামীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, দুই বছর বয়সের শিশু আয়শা নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাড়ির পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় ও পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায়।
নিহত আয়শা খাতুন (২) ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে। গত এক সপ্তাহ আগে শিশু আয়শার রহস্যজনক মৃত্যু হলেও এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো কূল-কিনারা করতে পারেনি পুলিশ, যা নিয়ে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে।