
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ১ হাজার ৯০৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডে মজিবর রহমান ভোলার বাড়িতে বড় বড় গাছ ভেঙে বসতঘরের ওপর পড়ে। এতে তার ৪টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
এলাকাবাসী জানান, অসহায় পরিবারটির মাথা গোঁজার মতো কোনো ঠাঁই নেই। দ্রুত সরকারি সহায়তা ও সমাজের বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
হাতীবান্ধা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উত্তম কুমার নন্দী বলেন, হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়নে মোট ১ হাজার ৯০৬টি পরিবার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং সরকারি সহায়তা প্রদানের উদ্যোগ নেয়া হবে।
Related