1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
প্রথম দিনে একাই লড়লেন লিটন | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

প্রথম দিনে একাই লড়লেন লিটন

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩১ জন দেখেছেন

সিলেট টেস্টের প্রথম দিনে পাকিস্তানের বিপক্ষে একাই লড়লেন লিটন দাস। তার দুর্দান্ত সেঞ্চুরিতে আড়াইশ পেরোয় বাংলাদেশের সংগ্রহ। শেষ বিকেলে টাইগাররা অলআউট হলে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ৬ ওভার খেলা হলেও কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। তাতে প্রথম দিন শেষে ম্যাচে কিছুটা হলেও এগিয়ে আছে সফরকারীরা। সিলেট টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৭৭ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ২৭৮ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১২৬ রান করেছেন লিটন।

পাকিস্তান তাদের প্রথম ইনিংসে বিনা উইকেটে ২১ রান তুলেছে। দশ উইকেট হাতে নিয়ে ২৫৭ রানে পিছিয়ে আছে সফরকারীরা। তৃতীয় সেশনের শেষ ঘণ্টায় ব্যাটিংয়ে নেমে দেখে-শুনে খেলেছে পাকিস্তান। এদিন মাত্র ৬ ওভার ব্যাটিং করার সুযোগ পায় তারা। এই সময়টুকু নিরাপদেই পার করেছেন দুই ওপেনার আবদুল্লাহ ফজল ও এয়াইস আজান। বাংলাদেশ ৬ ওভারে চার বোলারকে দিয়ে চেষ্টা করেও পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙতে পারেনি।

এর আগে গতকাল দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে বেশ ভুগেছে বাংলাদেশ। মোহাম্মদ আব্বাসের করা ইনিংসের প্রথম বলেই লাইন মিস করেন জয়। তবে সেটি লেগ স্টাম্পের বাইরে হওয়ায় লেগ বিফোর থেকে বেঁচে যান। দ্বিতীয় বলে তিনি স্লিপে ক্যাচ দেন। তাতে রানের খাতা খোলার আগেই ফিরতে হয় এই ওপেনারকে। শুরুর সেই ধাক্কা সামলে জুটি গড়ার চেষ্টা করেন মুমিনুল-তানজিদ মিলে। ভালো শুরুর আভাস দিয়েও অভিষিক্ত ওপেনার তানজিদ ৩৪ বলে ২৬ রানে থামেন। তার বিদায়ে ভাঙে ৪৪ রানের দ্বিতীয় উইকেট জুটি।

এরপর দুই অভিজ্ঞ ব্যাটার মুমিনুল-শান্ত’র জুটি বেশিক্ষণ টিকেনি। খুররম শাহজাদের দারুণ এক ডেলিভারি মুমিনুলের ব্যাট ফাঁকি দিয়ে অফ স্টাম্প ভেঙে দেয়। ৬৩ রানে ৩ উইকেট হারালেও বাংলাদেশকে শক্ত ভিত গড়ে দেওয়ার চেষ্টা করেন শান্ত-মুশফিক। দুর্দান্ত ফর্মে থাকা শান্ত উইকেটে থিতু হয়েও ফিরেছেন শট খেলতে গিয়ে দুটানায় পড়ে স্লিপে ক্যাচ দিয়ে। তার ব্যাট থেকে আসে ২৯ রান।
এরপর মুশফিকও আর বেশিক্ষণ টিকতে পারেনি। ৬৪ বলে ২৩ রান করে শাহজাদের বলে লেগ বিফোরের শিকার হয়েছেন তিনি। সাতে নেমে পুরোপুরি ব্যর্থ মেহেদি হাসান মিরাজ। ৪ রান করে তিনি ফিরলে ১১৬ রানে ৬ উইকেট হারায় দল।

দলের এমন বিপদে হাল ধরেন লিটন। তাকে বেশ কিছুক্ষণ সঙ্গ দিয়েছেন তাইজুল ইসলাম। মাত্র ১৬ রান করলেও তিনি বল খেলেছেন ৪০টি। যা সাহায্য করেছে আরেক প্রান্তে থাকা লিটনকে। তাইজুলের পর তাসকিনকে নিয়ে এগোনোর চেষ্টা করেন লিটন। তবে তাসকিন ১৩ বলের বেশি খেলতে পারেননি। এমন ধ্বংসস্তূপে দাঁড়িয়েও একাই লড়াই করছেন তিনি। দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নিয়েছেন ব্যক্তিগত সেঞ্চুরি। তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে লিটন খেলেছেন ১৩৫ বল। লাল বলে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১২৬ রানে ফিরেছেন লিটন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )