


দিনাজপুরের নবাবগঞ্জে ভয়াবহ কালবৈশাখী ঝড়ে উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষসহ মোট ৬টি কক্ষের টিনের ছাউনী ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলী বলেন, গত শনিবার রাত ৯টার দিকে আকস্মিক কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত শুরু হলে বিদ্যালয় ভবনের টিনের চালার বিভিন্ন অংশ উড়ে যায়।
ঝড়ের সময় বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিত না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে বিদ্যালয়ের বেঞ্চ, টেবিল ও শিক্ষা উপকরণের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষসহ মোট ৬টি কক্ষের টিনের ছাউনী ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৫/৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত সংস্কার না করা হলে পাঠদান কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। ঘটনার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক জানান, ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের বিষয়টি অবহিত হয়েছি এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে মেরামতের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
এদিকে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী দ্রুত বিদ্যালয়টি সংস্কারের দাবি জানিয়েছেন।