


বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাইবান্ধায় তিন লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে শুক্রবার (৫ জুন) সকালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর উদ্যোগে ফুলছড়ি উপজেলার গুণভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে যে বিরূপ প্রভাব দেখা দিচ্ছে, তা মোকাবিলায় এখন থেকেই সবাইকে সচেতন হতে হবে। তিনি ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
এসময় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবীর, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম এবং জিইউকের প্রধান নির্বাহী আবদুস সালাম, উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, গুনভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতলুবর রহমান প্রমুখ। বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে এখন থেকেই সবুজায়নের আন্দোলন জোরদার করা প্রয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্থানীয় নারী-পুরুষের মধ্যে বিভিন্ন প্রজাতির দেড় হাজার গাছের চারা বিতরণ করেন। পরে বিদ্যালয় মাঠে একটি গাছের চারা রোপণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা করা হয়।
আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন উপজেলা, শিক্ষাপ্রতিষ্ঠান, গ্রামীণ জনপদ ও নদীভাঙন কবলিত এলাকায় পর্যায়ক্রমে তিন লাখ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলেও জানান তারা।