1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নিজেদের ঘর ভেঙে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা: নিজেদের ঘর ভেঙে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১১ জন দেখেছেন

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ ও আদালতের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিজেদের ঘরবাড়ি ভাঙচুর করে প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নান্নু মিয়া সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি উপজেলার পূর্ব বেলকা গ্রামের মৃত নুরুল হকের ছেলে। অভিযুক্তরা হলেন, একই গ্রামের মৃত আমান উল্লাহর স্ত্রী মেনেকা বেগম, ছেলে মিলন মিয়া ও মিন্টু মিয়া। গতকাল সোমবার দুপুর ১২ টার দিকে এ বিষয়ে কথা হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ’র সাথে। তিনি বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগ সূত্রে জানা যায়, বেলকা ও শান্তিরাম মৌজার কয়েকটি জমি দলিলমূলে ক্রয় করেছিলেন নান্নু মিয়ার বাবা। পরে ওই জমি পরিবারের সদস্যদের নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়। তবে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ মেনেকা বেগম ও তার সন্তানরা প্রভাব খাটিয়ে ওই জমিতে বসতবাড়ি নির্মাণ করে ভোগদখল করে আসছিল বলে অভিযোগ করা হয়েছে।
এ নিয়ে আদালতে দেওয়ানি মামলা দায়ের হলে আদালত নান্নু মিয়াদের পক্ষে রায় দেন এবং জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ প্রদান করেন। গত ২১ মে দুপুরে আদালতের নির্দেশনা অনুযায়ী সরকারি কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উচ্ছেদ কার্যক্রম শুরু করেন। এ সময় কয়েকটি বসতঘর উচ্ছেদও করা হয়। পরে বিকেলের দিকে অভিযুক্ত পক্ষ আদালত থেকে সাত দিনের স্থগিতাদেশ এনে উপস্থিত কর্মকর্তাদের দেখালে উচ্ছেদ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, সরকারি কর্মকর্তারা চলে যাওয়ার পর প্রতিপক্ষ ক্ষুব্ধ হয়ে নিজেদের ঘরবাড়ি নিজেরাই ভাঙচুর ও মালামাল সরিয়ে নেয়। পরে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করা হয়। এমনকি নিজেদের মধ্যে সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাও সাজানো হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী পক্ষের দাবি, পুরো ঘটনার ভিডিও ফুটেজ স্থানীয়দের কাছে রয়েছে। এছাড়া একাধিক প্রত্যক্ষদর্শী সাক্ষীও আছেন, যারা ঘটনার বিষয়ে সাক্ষ্য দিতে পারবেন।
স্থানীয়রা জানান, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এলাকায় বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )