1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
৬ শিক্ষার্থীকে আজীবন সহ ৬৬ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

হাবিপ্রবিতে সংঘর্ষ: ৬ শিক্ষার্থীকে আজীবন সহ ৬৬ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

হাবিপ্রবি প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৭ জন দেখেছেন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) গত ২১মে সংঘটিত দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, হল ভাঙচুর ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় তদন্ত শেষে ৬৬ জন শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ২১ মে নূর হোসেন হল ও আবরার ফাহাদ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সম্পদের ক্ষয়ক্ষতি, শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়া এবং শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের ৮৪তম বিশেষ সিন্ডিকেট সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীদের চারটি ক্যাটাগরিতে ভাগ করে শাস্তি প্রদান করা হয়েছে।

প্রথম ক্যাটাগরিতে উচ্ছৃঙ্খল আচরণে জড়িত থাকার অভিযোগে ৮ জন শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের পিতামাতাকে সতর্কীকরণ এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দ্বিতীয় ক্যাটাগরিতে হাতে অস্ত্র নিয়ে ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে ৬ জন শিক্ষার্থীকে ১ সেমিস্টারের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাদের ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। তৃতীয় ক্যাটাগরিতে অস্ত্র হাতে শাস্তিযোগ্য আচরণের অভিযোগে ৪৮ জন শিক্ষার্থীকে ২ সেমিস্টারের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চতুর্থ ক্যাটাগরিতে কর্তব্য পালনরত অবস্থায় সহকারী প্রক্টর মো. মবিনুল ইসলামের ওপর হামলায় একাডেমিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ৬ জন শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, গত ২১ মে হাবিপ্রবির নূর হোসেন হল ও আবরার ফাহাদ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই হলের বিভিন্ন কক্ষে ভাঙচুর ও ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষ থামাতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মবিনুল ইসলাম হামলার শিকার হন।

পরবর্তীতে ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান বলেন, তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এ শাস্তির সুপারিশ করা হয়েছে এবং অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ রাখা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )