1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দেনমোহর আদায়ে নীতিমালা চেয়ে হাইকোর্টে রিট | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

দেনমোহর আদায়ে নীতিমালা চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩২ জন দেখেছেন
বিয়ের সময় নির্ধারিত দেনমোহর আদায় বা পরিশোধের জন্য একটি বিস্তারিত নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রবিবার (৫ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহমিদা আখতার জনস্বার্থে এ রিট করেন।
এতে আইন মন্ত্রণালয়ের দুই সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব এবং আইন কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। 

রিটে বলা হয়েছে, নারী অধিকার ও স্বার্থ সুরক্ষায় ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ১০ ধারার অস্পষ্টতা দূর করে দেনমোহর আদায়ের একটি বিস্তারিত নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, সে মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে।

আইনজীবী ফাহমিদা আখতার কালের কণ্ঠকে বলেন, দেনমোহর বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে রিটটি করা হয়েছে। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে। চলতি সপ্তাহেই এ বিষয়ে শুনানি হতে পারে।

 

রিটে উল্লেখ করা হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে বিয়ের সময় দেনমোহর নির্ধারণ করা হলেও স্ত্রী দাবি জানানো সত্ত্বেও তা পরিশোধ করা হয় না। সাধারণত বিবাহবিচ্ছেদের সময় এ বিষয়টি সামনে আসে। তখন দীর্ঘ সময়ের ব্যবধানে মুদ্রাস্ফীতির কারণে টাকার মূল্য কমে যায়।

ফলে মুদ্রাস্ফীতি বা সময়ের ব্যবধান বিবেচনা না করে দেনমোহর পরিশোধ করা এর মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। এতে আরও বলা হয়েছে, শরিয়া আইনে নারী অধিকার সুরক্ষায় দেনমোহরসহ বিভিন্ন ইতিবাচক বিধান থাকলেও আর্থ-সামাজিক বাস্তবতা ও পুরুষতান্ত্রিক আধিপত্যের কারণে এসব বিধানের কার্যকারিতা অনেক ক্ষেত্রে হারিয়ে যাচ্ছে। স্পষ্ট আইনি মানদণ্ড বা নীতিমালা না থাকায় দেনমোহরের সুরক্ষামূলক উদ্দেশ্য ব্যাহত হচ্ছে এবং বিশেষ করে অর্থনৈতিকভাবে অসচ্ছল নারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।রিটে বলা হয়েছে, দেনমোহর একজন বিবাহিত নারীর আইনগতভাবে বলবৎযোগ্য অধিকার। তাই কেবল আইনি অস্পষ্টতা বা নীতিমালার অভাবে এ অধিকারের কার্যকারিতা নষ্ট হতে দেওয়া যায় না।

বিবাহিত নারীদের অধিকার, আর্থিক স্বার্থ ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )