


আগামী ১৪ই জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার দুপুরে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের। দুপুরে রংপুর নগরীর দর্শনা এলাকায় অবস্থিত পল্লী নিবাসের লিচুবাগান সমাধিস্থলে তিনি কবর জিয়ারত করেন।
এ সময় তিনি পল্লীবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। তাঁর সঙ্গে জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে উপস্থিত নেতৃবৃন্দ পল্লীবন্ধু এরশাদের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করে তাঁরা বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের পুনর্গঠন এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এরশাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর তিনি যোগাযোগ ব্যবস্থা, স্থানীয় সরকার, শিক্ষা, স্বাস্থ্য এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নকে অগ্রাধিকার দেন। নেতৃবৃন্দ আরও বলেন, উন্নয়নকে রাজধানীকেন্দ্রিক না রেখে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিস্তৃত করার উদ্যোগ ছিল তাঁর শাসনামলের অন্যতম বৈশিষ্ট্য। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে উন্নয়নের ধারা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর অবদান দেশের মানুষ দীর্ঘদিন স্মরণ করবে। উল্লেখ্য, আগামী ১৪ জুলাই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষে রংপুরে জাতীয় পার্টির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।