


বিশ্বকাপের মঞ্চে শেষটা রঙিন হয়নি নেইমার জুনিয়রের। ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন শেষ হওয়ার পর এবার মাঠের বাইরে নতুন এক অভিজ্ঞতা নিতে গিয়েছিলেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আন্তর্জাতিক পোকার প্রতিযোগিতাতেও সাফল্যের দেখা পেলেন না ব্রাজিলের এই তারকা ফুটবলার। ১০ হাজার ডলারের মেইন ইভেন্ট পোকার টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন নেইমার।
প্রতিযোগিতায় তার উপস্থিতির বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফুটবলের পাশাপাশি পোকার খেলাতেও আগ্রহ রয়েছে নেইমারের। এর আগে ২০১৫ সালে একই ধরনের প্রতিযোগিতায় অংশ নিয়ে ফাইনাল টেবিল পর্যন্ত পৌঁছেছিলেন তিনি। তবে এবার আর আগের সাফল্য ধরে রাখতে পারেননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। টুর্নামেন্টের প্রথম দিনেই বিদায় নিতে হয় তাকে।
এর আগে ২০২৬ ফিফা বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেয় ব্রাজিল। আর্লিং হলান্ডের নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে দীর্ঘদিনের অপেক্ষার হেক্সা স্বপ্ন আবারও অপূর্ণ থেকে যায় সেলেসাওদের। বিশ্বকাপে ব্রাজিলের শুরুটা অবশ্য খুব একটা খারাপ ছিল না। গ্রুপ পর্বে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠে দলটি। শেষ ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল ব্রাজিল।
নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৬৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্রাজিলের হয়ে শেষ গোলটিও করেন তিনি। তবে পুরো বিশ্বকাপে চোটের কারণে নিজের সেরাটা দেখানোর সুযোগ পাননি এই তারকা। বিশ্বকাপ থেকে বিদায়ের দিনই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান নেইমার। ব্রাজিলের জার্সিতে ১২৯ ম্যাচে ৮০ গোল করে তিনি দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। চারটি বিশ্বকাপে অংশ নিয়েও শিরোপা জিততে না পারার আক্ষেপ নিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন তিনি।
জাতীয় দল থেকে সরে দাঁড়ালেও ক্লাব ফুটবলে এখনো সক্রিয় আছেন নেইমার। নিজের পুরোনো ঠিকানা সান্তোসে ফিরে ঘরোয়া ফুটবলে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। যে ক্লাব থেকে তার বিশ্ব ফুটবলে উত্থান হয়েছিল, সেখান থেকেই নতুন অধ্যায় শুরু করেছেন ব্রাজিলিয়ান এই তারকা।