1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাড়ে ১০ হাজার কোটি টাকার ফোর লেন প্রকল্প ফাইনাল স্টেজে: এমপি হাসান রাজীব | দৈনিক সকালের বাণী
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

সাড়ে ১০ হাজার কোটি টাকার ফোর লেন প্রকল্প ফাইনাল স্টেজে: এমপি হাসান রাজীব

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ জন দেখেছেন
লালমনিরহাট থেকে বুড়িমারী স্থলবন্দর পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকার প্রকল্পটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা কলেজ রোড থেকে কাজীর বাজার পর্যন্ত রেল লাইনের পাশ দিয়ে নির্মিত বাইপাস সড়কের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলাম, হাতীবান্ধায় একটি বাইপাস সড়ক করব। সেটির প্রক্রিয়া চলছে। আমি এবং আমাদের অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইসহ লালমনিরহাট থেকে বুড়িমারী স্থলবন্দর পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ডিও লেটার দিয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন। বর্তমানে এ প্রকল্পের সমীক্ষা চলছে।
তিনি বলেন, এটি প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকার প্রকল্প। প্রকল্পটি এখন ফাইনাল স্টেজে রয়েছে। একনেকে অনুমোদনের পর কাজ শুরু হবে।
উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়ে সংসদ সদস্য বলেন, এখন যেসব উন্নয়নকাজ আসছে, আগে সেগুলোর বরাদ্দ কীভাবে হয়েছে, কোন দিক দিয়ে এসেছে বা কী কাজ হয়েছে এসব দৃশ্যমান ছিল না। আমরা চাই, সরকারের ১০ টাকা হলেও যেন অযথা ক্ষতি বা অপচয় না হয়। কোথাও যেন দুর্নীতি না হয়। আমরা সবকিছু জনসম্মুখে করার চেষ্টা করছি।
হাতীবান্ধার বাইপাস সড়ক প্রসঙ্গে তিনি বলেন, ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ১৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ৭৭৫ ফুট দীর্ঘ ও ১০ ফুট প্রশস্ত সড়কটি নির্মাণ করা হয়েছে। এটি আপাতত বাইপাসের বিকল্প সড়ক হিসেবে কাজ করবে। পরবর্তী সময়ে সড়কটি আরও দীর্ঘায়িত করা হবে। ধাপে ধাপে সড়কটি বাইপাসের ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী, সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফুল ইসলাম, ব্যবসায়ী ও বিএনপি নেতা জালাল উদ্দিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আমিনুর রহমান এবং ছাত্রদলের সদস্যসচিব জাহিদ ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )