1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আন্তর্জাতিক ফাইটারদের চ্যালেঞ্জ, জেডএফসি-২-তে উজ্জ্বল বাংলাদেশ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ফাইটারদের চ্যালেঞ্জ, জেডএফসি-২-তে উজ্জ্বল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ জন দেখেছেন
রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কমব্যাট স্পোর্টস প্রতিযোগিতা ‘জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ’ (জেডএফসি)-এর দ্বিতীয় আসর—‘জেডএফসি ২: প্রাইড অব বাংলাদেশ’। তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মুয়ে থাই, বক্সিং, মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) এবং বাংলাদেশে প্রথমবারের মতো বেয়ার-নাকল বক্সিংয়ের একাধিক বাউট অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক অঙ্গনের অভিজ্ঞ ফাইটারদের পাশাপাশি বাংলাদেশের তরুণ ও উদীয়মান অ্যাথলেটরা বিভিন্ন বাউটে অংশ নেন। প্রতিযোগিতায় ছিল পাঁচটি মূল শিরোপা ছাড়াও বেশ কয়েকটি আন্তর্জাতিক লড়াই।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল গ্লাভস ছাড়া বক্সিং—বেয়ার-নাকল বক্সিং। বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই বিশেষ বাউটে মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ফাইটার উইল চপ ও ইরানের মোস্তফা আশৌরি। তিন রাউন্ডের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে জয় পান যুক্তরাষ্ট্রের উইল চপ।
আয়োজকদের মতে, বেয়ার-নাকল বক্সিংয়ের এই আয়োজন বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন একটি অধ্যায়ের সূচনা করেছে।
জেডএফসি মুয়ে থাই চ্যাম্পিয়নশিপে মালয়েশিয়ার এরওয়ান্ডি কালাইকে পরাজিত করে শিরোপা জয় করেন বাংলাদেশের মুহাম্মদ রাশেদ। আরেক আন্তর্জাতিক বাউটে ফিলিপাইনের ফিলিপাস রাঙ্গাকে হারিয়ে জয় তুলে নেন বাংলাদেশের মনজুর আলম।
ডব্লিউএমও এশিয়া মুয়ে থাই চ্যাম্পিয়নশিপের বাউটে বাংলাদেশের মসজিদুল রেজা ওমিও থাইল্যান্ডের থানাপাত তিথামের বিপক্ষে লড়াই করে বিজয়ী হন। জেডএফসি বক্সিং চ্যাম্পিয়নশিপে ইন্দোনেশিয়ার কুন্দিমাংকে হারিয়ে জয় পান বাংলাদেশের সুরা কৃষ্ণ চাকমা। অন্যদিকে বাংলাদেশের সিরাজুল রাব্বিকে পরাজিত করেন সিঙ্গাপুরের শন রাফায়েল সানি।
প্রতিযোগিতা দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এবং সানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহান। তাঁরা দর্শকদের সঙ্গে বসে বিভিন্ন বাউট উপভোগ করেন।
কমব্যাট স্পোর্টসের এই আয়োজন ঘিরে তারকাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দর্শকদের উৎসাহ দিতে গ্যালারিতে হাজির হন জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অভিনয়শিল্পী জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষি আলম ও মুসাফির সাঈদ বাচ্চু। তাঁদের সঙ্গে ছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পরিচালক কাজল আরেফিন অমি।
এ ছাড়া অভিনেত্রী তাসনিয়া ফারিণ, সংগীতশিল্পী জেফার রহমান, উপস্থাপক রাফসান শাবাবসহ দেশের শীর্ষস্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সাররাও গ্যালারিতে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিভিন্ন লড়াই উপভোগ করেন।
এর আগে চলতি বছরের এপ্রিলে ‘জেডএফসি ১: দ্য টেকওভার’ আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপের আন্তর্জাতিক পর্ব। দ্বিতীয় আসরের মাধ্যমে বাংলাদেশের কমব্যাট স্পোর্টসের পরিসর আরও বিস্তৃত হলো।
আয়োজকদের প্রত্যাশা, বসুন্ধরা স্পোর্টস সিটিকে ঘিরে এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা দেশের ফাইটারদের পেশাদার পর্যায়ে নিজেদের তুলে ধরার সুযোগ বাড়াবে। একই সঙ্গে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের কমব্যাট স্পোর্টস অ্যাথলেটদের অংশগ্রহণের ক্ষেত্রও আরও শক্তিশালী হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )