গত শনিবার (২১ নভেম্বর) বিকেল তিনটার দিকে উপজেলার শানেরহাট ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী পীরগঞ্জ পৌরসভার প্রজাপাড়া এলাকার বাসিন্দা সিমা বেগম অভিযোগে বলেন; পাহাড়পুর গ্রামে নিজের নামে থাকা ১.২৯ একর জমিতে একটি প্রকল্প গড়ে তুলেছেন তিনি। জমির দখল নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে তাঁর বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে একটি মামলাও বিচারাধীন রয়েছে।
সিমা বেগমের করা এজাহারে অভিযুক্ত ব্যক্তিরা হলেন— মো. আবদুল বাতেন, নাঈম হোসেন ওরফে নান্নু মিয়া, মনু মিয়া, নাসির উদ্দিন, তাজু মিয়া, মাসুদ মিয়া, হাসেন আলী, হাফিজার রহমান ও নাছরিন বেগম। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনকে নিয়ে নিজের প্রকল্পে পিকনিকের আয়োজন করেন সিমা বেগম। বিকেলে অভিযুক্ত ব্যক্তিরা লাঠিসোঁটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে টিনের বেড়া ভাঙচুর করেন।
এ সময় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের গালিগালাজ করা হয়। প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে আবদুল বাতেন ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এজাহারে আরও বলা হয়, নাছরিন বেগম তাঁর গলায় থাকা প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন এবং মাসুদ মিয়া তাঁর কানের প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের স্বর্ণের দুল ছিনিয়ে নেন।
সিমা বেগমকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর দেবর আমিনুল ইসলাম (৫৫) ও স্বজন রাকিবুল ইসলাম রকিকেও মারধর করা হয়। এ ছাড়া প্রকল্পের টিনের বেড়া ও গাছপালা ভাঙচুর করে প্রায় ১ লাখ ১৫ হাজার টাকার ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আবদুল বাতেন বলেন, ‘আমার বাড়িঘর তারা দখল করতে লোকজন নিয়ে এসে মারামারি করেছে। কার আঘাতে কে আহত হয়েছেন, তা আমি বলতে পারব না।’
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’