
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় হিমালয়ের পাদদেশের হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশায় জনজীবন থমকে গেছে। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শনিবার সকাল ৯ টা পর্যন্ত পাটগ্রাম উপজেলায় ঘন কুয়াশার কারণে সূর্যর দেখা মেলেনি। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। অনুভূত হচ্ছে তীব্র শীত। এতে খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। মহাসড়কের যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯ টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা গত ১০ দিনের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা। এর গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
ভ্যানচালক সাইদুল ইসলাম বলেন, কয়েকদিন ধরে প্রচুর কুয়াশা পড়ছে। কাছাকাছি কোনো কিছু দেখা যাচ্ছে না। বৃষ্টির মতো কুয়াশা। গাড়ি বের হাওয়াই যায় না। লোকজন নেই তাই বসে আছি গাড়ি নিয়ে। শ্রমিক মানিক ইসলাম বলেন, যতই ঠান্ডা হোক তবুও আমাদের কে তো কাজে যাইতে হবে পরিবারের জন্য। সাড়ে সাতটার মধ্যে বুড়িমারী স্থলবন্দরে কাজে যাই। ঘন কুয়াশার জন্য কাজে যেতে কষ্ট হচ্ছে।
রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, লালমনিরহাটে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিনের মধ্যে শীতের তীব্রতা বাড়বে।
Related