


লালমনিরহাটের কালীগঞ্জে আমেরিকান প্রবাসী রঞ্জিত কুমার মোহন্তের বাড়ির গেটে চিরকুট লেখে চাঁদা দাবি ও জড়িয়ে ফেসবুকে মিথ্যা তথ্য পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। তিনি উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা গ্রামের বাসিন্দা। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে কালীগঞ্জ প্রেসক্লাবে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন রঞ্জিত কুমার মোহন্ত।
তিনি বলেন, আমি একজন আমেরিকা প্রবাসী,আমার ছেলে অসুস্থ থাকায় জরুরী ভিত্তিতে আমেরিকা থেকে গত ৭ ডিসেম্বর বাংলাদেশে আসি, ছেলের চিকিৎসার জন্য কয়েকদিন থেকে আমি অনেক ব্যস্ত সময় পার করছি। রঞ্জিত বলেন, আপনারা জেনে আশ্চর্য হবেন যে গত ১২ ডিসেম্বর দিবাগত রাতে আমাকে জড়িয়ে ‘হৃদয়ে কালীগঞ্জ’ নামে একটি ফেক ফেসবুক আইডি থেকে ‘কাকিনায় রঞ্জিত মোহন্তের বাড়ীতে গতরাত ০১.০০ ঘটিকার পর ৭১ সদস্য বিশিষ্ট ইসকনের গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারির পর অরাজকতা সৃষ্টির জন্য সদস্যদের মাঝে ২১ লক্ষ টাকা ডোনেট করা হয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন বিরূপ মন্তব্য প্রকাশ করা হয় যা আমার দৃষ্টিগোচর হয়েছে।
ওই ফেক ফেসবুক আইডির কান্ডে আমি পুরোপুরি বিস্মিত, আমাকে নিয়ে যে বিভ্রান্তকর তথ্য ছড়ানো হয়েছে তা আদৌ সত্য নয়, আমি এহেন বিভ্রান্তকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, এই ফেক ফেসবুক আইডির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছি। এসময় ভুক্তভোগীর পরিবার, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।