
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা প্রশাসন, থানা ও ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে মাদক নির্মূল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে সদর ইউনিয়নের (৪ নং ওয়ার্ড) মনাকষা এলাকায় মাদক নির্মূল বিষয়ক একটি যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকদ্রব্যের অপব্যবহার, মাদকাসক্তের কুফল ও সামাজিক অবক্ষয় রোধে জনগণের সচেতনতা সৃষ্টি এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা, গঙ্গাচড়া মডেল থানা পুলিশ, সদর ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা মাদকবিরোধী কার্যক্রমে স্থানীয় জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতার আহ্বান জানান।
এ সময় গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাদক নির্মূলে প্রশাসনের উদ্যোগের পাশাপাশি জনগণের সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “মাদকবিরোধী কার্যক্রমে সফলতা আনতে সবাইকে একত্রে কাজ করতে হবে। বিশেষ করে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ইতিবাচক কর্মকান্ডে যুবসমাজকে কাজে লাগাতে হবে ।” মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং মাদকদ্রব্যের ব্যাপক ব্যবহারের কারণে যে ক্ষতি হচ্ছে, তা রোধ করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাবে।এছাড়াও, স্থানীয় চেয়ারম্যান ও জনগণের মাদক নির্মূলের ক্ষেত্রে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “এ ধরনের সভা থেকে যে সচেতনতা সৃষ্টি হবে, তা আমাদের সমাজে মাদক নির্মূলের জন্য ইতিবাচক বার্তা বটে ।”
সভায় মাদক নির্মূলের লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা ও কর্মসূচি গৃহীত হয়েছে। সভা শেষে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার করেন।মাদক নির্মূলের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও কার্যকর হবে, এবং স্থানীয় জনগণের সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে গঙ্গাচড়া এলাকা মাদকমুক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন অংশীজনরা।
Related