
রংপুর অঞ্চলের মানুষের দুঃখের প্রতীক তিস্তা নদী।প্রতিবছর বর্ষা মৌসুমে তিস্তার ভাঙনে হাজার হাজার পরিবার তাদের সহায়-সম্বল হারিয়ে জীবন-জীবিকার জন্য এক কঠিন চ্যালেঞ্জ মুখোমুখি দাঁড়ায় । ভাগ্যন্নোয়নে অন্তর্বর্তী সরকারের কাছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন তিস্তা পাড়ের মানুষের প্রাণের দাবী।
জলবায়ু পরিবর্তনের কারণে তিস্তার গতিপ্রকৃতি দিন দিন আরো বেসামাল হয়ে উঠেছে। তিস্তার প্রধান প্রবাহে (মূলপ্রবাহ) বালু ও পলি জমে সমতলের চেয়েও উঁচু হয়ে যায়, যার ফলে নদীর প্রস্থ অনেক জায়গায় ৮-১০ কিলোমিটার হয়ে গেছে। শীতকালে দুই তীরের জনপদে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে এবং তিস্তার শাখা নদীগুলো মরা খালে রূপান্তরিত হয়ে বেদখল হচ্ছে।
জানা গেছে, তিস্তা মহাপরিকল্পনায় রয়েছে ডালিয়া পয়েন্ট থেকে ব্রক্ষ্মপুত্রের সংযোগস্থল পর্যন্ত ১০৯ কিলোমিটার নদী খনন কার্যক্রম। নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ ও ড্রেজিংয়ের মাধ্যমে যে মাটি উত্তোলন হবে, সেই মাটি নদীর দু’পাশে ভরাট করে ইপিজেট, সোলার পাওয়ার প্লান্ট, শিল্প অঞ্চলসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে।
তিস্তা নদী পুনরুদ্ধারের জন্য ২০১৬-২০১৮ সাল পর্যন্ত চায়না পাওয়ার প্লাট ও পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পের কাজ শুরু হয়। তবে ভারতের আপত্তির কারণে প্রকল্পটি আটকে যায়। ভারতের সঙ্গে চীনের দ্বৈরথে এই প্রকল্পটি থেমে গেছে, তিস্তা চুক্তির মতোই। যদিও চীনা রাষ্ট্রদূত ও ভারত এই প্রকল্প বাস্তবায়নের প্রতি আগ্রহ প্রকাশ করেছে, তবে দীর্ঘদিনেও কিছু হয়নি।
“তিস্তা বাঁচাও নদী বাঁচাও “সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান বলেন, ২৪০ বছরের পুরনো তিস্তা নদী কোনো খনন বা পরিচর্যা ছাড়া চলে এসেছে। ২০১৪ সালে জাতিসংঘ নদী আইন অনুযায়ী, ভারত তিস্তার পানি একতরফা প্রত্যাহার করতে পারে না, তবে ভারত শুষ্ক মৌসুমে তিস্তার পানি বে আইনিভাবে একতরফা সরিয়ে নিচ্ছে । পশ্চিমবঙ্গ সরকার আরও তিনটি খাল খননের পরিকল্পনা করেছে, যা রংপুর বিভাগের আন্তঃসীমান্ত নদীগুলোকে জলশূন্য করবে বলেই বিজ্ঞজনের মনে করছেন। ২০১৬-২০১৮ সাল পর্যন্ত চীনা প্রতিষ্ঠান ও পানি উন্নয়ন বোর্ড তিস্তা নদী পুনরুদ্ধার প্রকল্পের সমীক্ষা শেষ করলেও ভারতের আপত্তিতে এই প্রকল্পটিও আটকে গেছে। তিস্তা বাঁচাও আন্দোলন- এ নিয়ে প্রতিবাদ জানিয়ে গণঅবস্থান কর্মসূচি পালন করেছি।অন্তর্বর্তীকালীন সরকার রংপুরকে বিশেষ গুরুত্ব দিয়েছে। তাই সরকারের বিশেষ গুরুত্বের অংশ হিসেবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক।
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানী বলেন, তিস্তা নদীর খরা, বন্যা ও ভাঙনে তিস্তা অববাহিকার ২ কোটি মানুষ মহাদুর্যোগে পড়েছে। প্রতিবছর নদীভাঙনে বিপুল সরকারি-বেসরকারি সম্পদ, ফসলি জমি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্যের পরিস্থিতি আরও খারাপ করছে। তিস্তা ও এর শাখা-প্রশাখা নদীগুলোর পুনঃখনন ছাড়া ভাঙন ও বন্যা থেকে মুক্তি সম্ভব নয়।
তিস্তা পাড়ের মানুষ এখন আশা করছেন, নতুন অন্তর্বর্তী সরকার এই মহাপরিকল্পনাটি বাস্তবায়ন করবে, যাতে তারা তিস্তার ভাঙন ও বন্যার হাত থেকে রক্ষা পায় এবং কৃষিজমি ও জীবন-জীবিকা রক্ষা হয়। রংপুরসহ উত্তরের পাঁচটি জেলার মানুষের আশা, অন্তর্বর্তী সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে জনগণের দুর্দশা কমাবে এবং দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে।
Related