


কুড়িগ্রামের রৌমারী সীমান্তে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান পিএসসির দিক নির্দেশনায় বিওপি পর্যায়ে দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে জনসচেতনতামুলক ও সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলা বাজার বিজিবি ক্যাম্পের আয়োজনে মঙ্গলবার বিকেল ৪টার দিকে রৌমারী সদর ইউনিয়নের চর নতুনবন্দর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম, আব্দুর সালাম, আব্দুল কাইয়ুম, আব্দুল গফ্ফারসহ চর বামনেরচর, নওদা পাড়া ও চর নতুনবন্দর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সচেতনতামুলক সভায় সীমান্তে বসবাসকারী গ্রামবাসীদের উদ্দেশ্যে বাংলা বাজার বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার শফিউল আলম বলেন, বাংলাদেশি নাগরিক কর্তৃক শূন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ঘাস কাটা, ফসল বিনষ্ট করা, ফসল কাটা এবং গবাদি পশু চড়ানো ইত্যাদি কর্মকান্ড পরিহার করতে হবে।
বাংলাদেশি নাগরিক কর্তৃক প্রতিপক্ষ বিএসএফ-ভারতীয় নাগরিকের সঙ্গে খারাপ অঙ্গভঙ্গি প্রদর্শন, অশ্লীল ভাষা ব্যবহার এবং টহল দলের উপর ইট-পাথর নিক্ষেপ থেকে বিরত থাকতে হবে। সন্ধ্যার পর কোনো অবস্থাতেই সীমান্ত এলাকায় চলাফেরা করা যাবে না। বাঁশের আড়কি ব্যবহার করে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে গরু পারাপার করা যাবে না।
তিনি আরও বলেন, মাদক সেবনের কুফল সম্পর্কে আলোচনা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে এবং মানসিক অসুস্থ্য ব্যক্তিদের পাচার রোধে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। সীমাস্ত এলাকা দিয়ে যাতে জাল নোট পাচার হতে না পারে, সে ব্যাপারে নিজে সতর্ক থেকে ও অন্যকে জাল নোট পাচার প্রতিরোধে সতর্ক থাকার ব্যাপারে প্রেষণা দিতে হবে।
বাস্তচ্যুত মায়ানমার নাগরিক যাতে কোনোভাবেই সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে ও বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। উপরোক্ত অপরাধের সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সকলকে সতর্ক করা হয়।