


কুড়িগ্রামের রৌমারী উপজেলার নুরপুর রহমানিয়া দারুন্নেসা দাখিল মাদ্রাসার নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। ( ২৩ ফেব্রুয়ারি) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক প্রজ্ঞাপনে আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়। এ কমিটির সভাপতি হয়েছেন রৌমারী উপজেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ।
এ ছাড়া এ কমিটিতে অভিভাবক সদস্য হয়েছেন আনিছুর রহমান। সাধারণ শিক্ষক সদস্য ছামিনা আক্তার ও সুপার/ভারপ্রাপ্ত সুপারকে সদস্য সচিব করা হয়েছে। নতুন দায়িত্ব পাওয়া সভাপতি মশিউর রহমান পলাশ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রথম অগ্রাধিকার তাঁর। তিনি চান, শিক্ষার্থীরা যাতে সর্বোচ্চ মানের শিক্ষা পেতে পারেন ও শিক্ষকদেরও যেন যথাযথ সম্মান ও সুযোগ-সুবিধা নিশ্চিত হয়।
তিনি আরও বলেন, মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন শিক্ষকদের প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনার মাধ্যমে একটি যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চান তিনি। এদিকে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরাও নতুন সভাপতির প্রতি আস্থা প্রকাশ করেছেন। তাদের আশা, মশিউর রহমান পলাশের নেতৃত্বে মাদ্রাসার শিক্ষা ও প্রশাসনে ইতিবাচক পরিবর্তন আসবে।
এক শিক্ষক বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে নতুন সভাপতিকে সব ধরণের সহযোগিতা করবেন। শিক্ষকরা চান মাদ্রাসার নাম উজ্জ্বল হোক। রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, নতুন কমিটির দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মাদ্রাসার একাডেমিক মান উন্নত করা, প্রশাসনিক কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করা এবং শিক্ষার্থীদের ফলাফল আরও উন্নত করা।#