চট্টগ্রামে সিরিজ বাঁচানোর লড়াইয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। প্রথম টেস্টে হারের পর আজ দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ শেষ করল ১-১ সমতায়। জয়ের মূল স্থপতি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ- ব্যাট হাতে সেঞ্চুরি ও বল হাতে ৫ উইকেট নিয়ে একাই গুঁড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষকে।
জিম্বাবুয়ে প্রথম ইনিংসে মাত্র ২২৭ রানে গুটিয়ে গেলে আত্মবিশ্বাসী শুরু পায় বাংলাদেশ। সাদমান ইসলামের ১২০, মেহেদী হাসান মিরাজের ১০৪, মুশফিকের ৪০, এনামুল হক বিজয়ের ৩৯ ও অভিষেকে তানজিম হাসানের ৪১ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ তোলে ৪৪৪ রান। তাতে ২১৭ রানের লিড পায় স্বাগতিকরা।
জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যস্ত হয়ে পড়ে জিম্বাবুয়ে। প্রথম স্পেলে তাইজুল ইসলাম তুলে নেন দ্রুত দুটি উইকেট। নাঈম হাসান ফিরিয়ে দেন উইলিয়ামসকে। এরপর দৃশ্যপটে আসেন মিরাজ, যিনি একে একে তুলে নেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ফলে তৃতীয় দিনেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
আগের টেস্টে বল হাতে ১০ উইকেট পেয়েও দলকে জেতাতে পারেননি মিরাজ। এবার ব্যাটিংয়েও দলের ত্রাণকর্তা তিনি। শতক করার পর বল হাতে তুলে নিয়েছেন ৫ উইকেট। এটাই তার ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট শতক ও চতুর্থ পাঁচ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়ে: ১ম ইনিংসে ২২৭/১০ ও ২য় ইনিংসে ১১১/১০
বাংলাদেশ: ১ম ইনিংস ৪৪৪/১০
ফল: বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানে জয়ী।

























