


আরব আমিরাতের বিপক্ষে এগিয়ে থেকেও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে কেউ ভেবেছিল এভাবে সিরিজ হারবে বাংলাদেশ দল? তবে শেষ পর্যন্ত সিরিজটিতে ২-১ ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের। ফলে সমালোচনাও শুনতে হচ্ছে বাংলাদেশ দলকে।
আজ সোমবার বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘মাঠে গিয়ে খেলে ক্রিকেটাররা, কোচ আপনাকে শুধু শেখাতে পারবে। আসলে কাউকে দোষারোপ করার কিছু নেই। হেড কোচ, সালাউদ্দিন কিংবা আরও যারা আছে….এটা নতুন একটা ইউনিট। একটু সময় দিলে বোঝা যাবে তারা কেমন পারফর্ম করছে।’
‘আরব আমিরাতের কাছে হারায় আমাদের খারাপ লেগেছে কিন্তু এটা অবশ্যই খেলার অংশ। এটা মানতে হবে আমাদের। তবে আমি বিশ্বাস করি এই তরুণ ছেলেদের দুর্দান্ত প্রতিভা রয়েছে। আমাদের ধারাবাহিকতা বাড়াতে হবে এবং প্রায়োগিক দিকে উন্নতি করতে হবে।’-যোগ করেন তিনি।
দেশের ফুটবল প্রসঙ্গে মিঠু বলেন, ‘ফুটবলের কথা বললে….আসলে কোনোটার সঙ্গে অন্যটা তুলনা করা যায় না। ফুটবলে এখন একজন বড় খেলোয়াড় (হামজা চৌধুরি) এসেছে, একটা জোয়ার এসেছে। আমরাও এটাকে সাধুবাদ জানাই। যেরকম ফুটবলের জনপ্রিয়তা থাকা উচিত, সেরকম ক্রিকেটেরও জনপ্রিয়তা থাকা উচিত। কোনোটিতেই ভাটা বলে কোনো কথা নেই। আপনি পারফর্ম করবেন, ভালো খেলবেন, দেখবেন সমর্থকরাও আপনার পাশে আছে।’