


রংপুরের পীরগাছায় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজ থেকে উত্তীর্ণ প্রায় ২০০ জন মেধাবী শিক্ষার্থী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি ফিরোজ মাহমুদ এবং সঞ্চালনা করেন পীরগাছা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি সেলিম আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোস্তাক আহমেদ। তিনি বলেন, ‘এই আয়োজনের উদ্দেশ্য কোনো রাজনৈতিক দল বা সংগঠনে তোমাদের যুক্ত করা নয়, বরং তোমাদের কৃতিত্বের স্বীকৃতি দেওয়া।
এই স্বীকৃতি ভবিষ্যতে তোমাদের আরও উচ্চতর লক্ষ্যে পৌঁছাতে উৎসাহ জোগাবে। তোমরাই একদিন দেশের নেতৃত্ব দেবে।’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি মোতালেব হোসেন, পীরগাছা উপজেলা জামায়াতের আমির বজলুর রসিদ মুকুল, সেক্রেটারি মোস্তাফিজার রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি জহির উদ্দিন জুয়েল, রংপুর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হামিদুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি সুমন সরকার ও ছাত্রশিবির পীরগাছা পূর্ব থানা শাখার সভাপতি মোস্তাফিজার রহমান।
বক্তারা বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল করাই যথেষ্ট নয়, আদর্শিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই শিক্ষার্থীদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, ফুল ও সম্মাননা উপহার তুলে দেন অতিথিরা। অভিভাবক ও শিক্ষকরাও এ সময় উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে এবং সুসজ্জিতভাবে আয়োজন করা হয়।