
লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের দায়ে রিপু (২৫) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘাটের পাড় বটতলী এলাকায় ধরলা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। দণ্ডপ্রাপ্ত রিপু উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাগজীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনকারীদের বিরুদ্ধে সম্প্রতি একাধিক শাস্তিমূলক অভিযান পরিচালনা করা হয়। এরপরও একশ্রেণির অসাধু চক্র গোপনে নদী থেকে বালু উত্তোলন করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ইউএনও উত্তম কুমার দাশের নেতৃত্বে ও পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সহযোগিতায় ধরলা নদীতে অভিযান চালিয়ে রিপুকে আটক করা হয়। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন, “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪ ধারা অনুযায়ী রিপুকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
Related