


নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারিতে রমজান শুরুর আগেই সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের তফসিল নির্বাচনের আনুমানিক দুই মাস আগে, অর্থাৎ ডিসেম্বরের প্রথম দিকে ঘোষণা করা হতে পারে।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ কথা বলে বলেন নির্বাচন কমিশনার। নির্বাচন প্রক্রিয়াকে এআই ও ড্রোন প্রভাবিত করতে পারবে না উল্লেখ করে ইসি সানাউল্লাহ বলেন, আসন্ন নির্বাচনে ভুল তথ্য, মিথ্যা তথ্য এবং বিদ্বেষ ছড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। এআইয়ের অপব্যবহার রোধ করতে আচরণবিধিতে নির্দিষ্ট বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি শুধুমাত্র প্রার্থী ও দলের জন্য প্রযোজ্য হলেও, অন্যান্য পক্ষকেও মোকাবিলা করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
অক্টোবর পর্যন্ত নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হবে
ইসি সানাউল্লাহ বলেন, আসন্ন নির্বাচনে ১৮ থেকে ২০ লাখ নতুন ভোটার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি আরপিও সংশোধনের ফলে, যা উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে যাদের বয়স ১৮ বছর হবে, তারা আসন্ন সংসদ নির্বাচনে ভোট দিতে পারবে।