
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বাগপুর কাদেরিয়া দাখিল মাদ্রাসায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তদন্ত কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ১৯ আগস্ট সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নেতৃত্বে এ তদন্ত অনুষ্ঠিত হবে।
অভিযোগকারীদের দাবি, মাদ্রাসার সাবেক সভাপতি ও সুপার সরকারি বরাদ্দ আত্মসাৎ করেছেন। বিশেষ করে পারফরমেন্স বেজড ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন প্রকল্পের ৫ লক্ষ টাকা উন্নয়নে ব্যয় না করে কাগজপত্রে ব্যয় দেখিয়ে আত্মসাৎ করা হয়েছে। দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তির টাকাও আত্মসাতের অভিযোগ উঠেছে।
অভিযোগকারী আশিকুর রহমান আশিক জানান,তদন্তের নোটিশ আসার পর মাদ্রাসার সুপার আব্দুস সালাম আমাকে অভিযোগ তুলতে চাপ দেন। টাকার প্রলোভন দেন, আমি রাজি না হলে প্রাণনাশ ও মিথ্যা মামলার হুমকি দেন।
এ বিষয়ে মুঠোফোনে সপারেনটেন্ট আব্দুস সালাম এর সাথে কথা বলার চেষ্টা করলেও তিনি বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু সাঈদ আরিফ মাহফুজ -এর সাথে মুটোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে ফোনে পাওয়া যায় নি।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন,দুর্নীতি ও অনিয়মের অভিযোগের ব্যাপারে প্রশাসন কঠোর অবস্থানে আছে। তদন্তের মাধ্যমে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগকারীদের নিরাপত্তা নিয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা স্বচ্ছ তদন্ত ও দুর্নীতির বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
Related