


পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে এক সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলার ৮নং দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজারে অবস্থিত মেসার্স মোজাম্মেল ট্রেডার্স- এ এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর দেবীগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমন। প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নির্ধারিত দামে প্রতি বস্তা টিএসপি সারের মূল্য ১,৩৫০ টাকা হলেও, ওই প্রতিষ্ঠানটি প্রতি বস্তা ১,৮৫০ টাকায় বিক্রি করছিল। কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অনিয়মিতভাবে বিক্রির জন্য ভুক্তভোগী একজন কৃষকের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেয়া হয়েছে।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান। এসময় সেনাবাহিনীর একটি দল এবং দেবীগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া কোনোভাবেই বরদাশত করা হবে না। কৃষকের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে। স্থানীয় কৃষকরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি ভর্তুকির সুবিধা যেন ন্যায্যমূল্যে পেতে পারি, সে জন্য নিয়মিত নজরদারি প্রয়োজন।