
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের বাসিন্দারা এখনও সীমান্তপারের নানা জটিলতায় বন্দি। বিশেষ করে তিনবিঘা করিডোর দিয়ে কৃষিপণ্য পরিবহন ও গবাদি পশু আনা-নেওয়ার ক্ষেত্রে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বারবার বাধা দিচ্ছে বলে অভিযোগ ওঠেছে।
এই পরিস্থিতির প্রতিবাদে শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় দহগ্রামের গুচ্ছগ্রাম বাজারে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি সাহাবুদ্দিন মাস্টার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্যপ্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির আতাউর রহমান, উপজেলা সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন, পৌর আমির সোহেল রানা, সাবেক প্রধান শিক্ষক রোজানুর রহমান রেজা প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, প্রায় ১৮ হাজার মানুষের বসতি এই দহগ্রাম ইউনিয়নে। কিন্তু এখনো তারা মুক্তভাবে যাতায়াত করতে পারছেন না। করিডোর দিয়ে ভারী যানবাহন প্রবেশের অনুমতি নেই। ফলে কৃষকেরা ধান, ভুট্টা বা অন্যান্য ফসল বাজারজাত করতে বড় ধরনের সমস্যায় পড়ছেন। একইভাবে গরু, ছাগল, মহিষ আনা-নেওয়ার ক্ষেত্রেও সীমাবদ্ধতা আরোপ করছে বিএসএফ। স্থানীয়দের দাবি, এসব কারণে তারা প্রতিদিন হয়রানি ও ক্ষতির মুখে পড়ছেন।
সমাবেশ থেকে জানানো হয়, দহগ্রামের মানুষের ভোগান্তি দূর করতে প্রধান উপদেষ্টার কাছে ১১ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেওয়া হবে।
Related