1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হাতীবান্ধায় প্রধান শিক্ষক জসিমকে স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

হাতীবান্ধায় প্রধান শিক্ষক জসিমকে স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন

লালমনিরহাট অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৫৫ জন দেখেছেন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের সাময়িক বহিষ্কৃত প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিনের স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে ওই বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন দুই শতাধিক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকগণ। ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তারা বহিষ্কৃত প্রধান শিক্ষকের নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ধরেন।

মানববন্ধনে অংশ নিয়ে দশম শ্রেণির শিক্ষার্থী মিতু বলেন, আমাদের সাবেক প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন, কিন্তু আমরা চাই তার স্থায়ী বহিষ্কার। একজন শিক্ষককে হতে হবে নির্মল ও নির্লোভ। কিন্তু তার গায়ে দুর্নীতির কলঙ্ক লেগেছে, তিনি শিক্ষক হওয়ার যোগ্যতা রাখেন না। মাত্র ৫ টাকার জন্য আমাদের সাবেক প্রধান শিক্ষক শিক্ষার্থীকে পরিক্ষার হল থেকে বের করে দিতেন।

 

এছাড়া তিনি ধূমপায়ী, দুর্নীতিবাজ ও ঘুষখোর। এমন একজন মানুষ আবার বিদ্যালয়ে যোগ দিতে চাইছেন। আমরা তা মেনে নেব না। তিনি আমাদের হুমকিও দিয়ে যাচ্ছেন। নবম শ্রেণির শিক্ষার্থী আব্দুস সামাদ বলেন, আমরা এখন সুন্দর পরিবেশে পড়াশোনা করছি। কিন্তু বহিষ্কৃত প্রধান শিক্ষক ফের আসতে চাইছেন, যা আমাদের শিক্ষার পরিবেশ নষ্ট করবে। তিনি বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক বকুল স্যারের ওপর হামলা করে তার হাত ভেঙে দিয়েছেন। আমরা তার বিচার চাই এবং স্থায়ী বহিষ্কার দাবি করছি। একই শ্রেণির শিক্ষার্থী আলপনা বেগম বলেন, মাত্র পাঁচ টাকা কম থাকার কারণে আমাকে দুই মাস দেরিতে বই দিয়েছিলেন। শুধু তাই নয়, অনেক শিক্ষার্থীকে টাকা কম দেওয়ার কারণে পরীক্ষার হল থেকে বের করে দিয়েছিলেন। আমরা এমন লোভী শিক্ষককে আর চাই না। দশম শ্রেণির শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, আমাদের সাবেক প্রধান শিক্ষক নানা উপায়ে আবার বিদ্যালয়ে আসতে চাইছেন। আমরা কোনো দুর্নীতিবাজ শিক্ষককে চাই না।

 

মানববন্ধনে অংশগ্রহণকারী অভিভাবক আব্দুল মমিন বলেন, নানা অভিযোগে অভিযুক্ত ছিল সাবেক প্রধান শিক্ষক জসিম উদ্দিন। শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এমনকি এলাকাবাসী পর্যন্ত তার ব্যবহার ও কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিল। তিনি শিক্ষার পরিবেশ নষ্ট করেছিলেন। বর্তমানে বিদ্যালয়ে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। তাই আমরা চাই, তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হোক। অন্যথায় তিনি বারবার বিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করবেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজহারুল ইসলাম বাবু বলেন, আমরা শিক্ষক মানুষ, আদর্শ শিক্ষক হতে চাই। কিন্তু জসিম উদ্দিন স্যার আমাদের জিম্মি করে বিদ্যালয় পরিচালনা করতেন। আবার দায়িত্ব পেলে একইভাবে বিদ্যালয়ে দুর্নীতির পরিবেশ তৈরি করবেন। তাই আমরা তার স্থায়ী বহিষ্কার দাবি করছি।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বহিষ্কৃত প্রধান শিক্ষক নানা কৌশলে পুনরায় বিদ্যালয়ে ফেরার চেষ্টা করছেন। তারা আশঙ্কা প্রকাশ করেন যদি তিনি ফেরেন, তবে শিক্ষার্থীদের হয়রানি, আর্থিক অনিয়ম এবং শিক্ষক-কর্মচারীদের জিম্মি করার ঘটনা ফের শুরু হবে। এসময় মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারী ও অভিভাবকরা দুর্নীতিবাজ আখ্যা দিয়ে মোহাম্মদ জসিম উদ্দিনের স্থায়ী বহিষ্কার দাবি করেন এবং শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ আগস্ট নানা অভিযোগের প্রেক্ষিতে তৎকালীন ম্যানেজিং কমিটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিনকে সাময়িকভাবে বহিষ্কার করেন। কিন্তু এরপরও তিনি বিদ্যালয়ে পুনরায় যোগদানের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী মাঠে নেমেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )