বুধবার (২৭ আগস্ট) রাতে ব্যাংকের ভেতর থেকে ডাকাতির সরঞ্জাম সহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।
আটক সহিদুল ভজনপুর ইউনিয়নের সারাপিগছ এলাকার শুক্রু মোহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাংকের নাইটগার্ড রাতের খাবারের জন্য নিচে নামেন। কিছুক্ষণ পর তিনি ব্যাংকের ভেতরে হঠাৎ লাইটের আলো দেখতে ও একটা শব্দ পান। সন্দেহ হলে তিনি ব্যাংক ম্যানেজার ও কর্মকর্তাদের জানিয়ে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করেন এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন।
পরে স্থানীয়দের সহায়তায় ব্যাংকের ভেতরে প্রবেশ করে ওই যুবককে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সাথে ব্যাংকের টাকা রাখার ভল্টে ডাকাতির চেষ্টার চিহ্ন দেখতে পান। খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক যুবককে থানায় নিয়ে যায়।
ব্যাংকের গার্ড আনিস বলেন, রাতে বাইরে থেকে হঠাৎ ব্যাংকের ভেতর লাইট জ্বলে থাকতে দেখতে পাই। একই সাথে কিছু একটা শব্দ আসতে থাকে। একায় প্রবেশের সাহশ পাচ্ছিলাম না। সাথে সাথে ব্যাংক ম্যানেজারকে ও কর্মকর্তাদের জানিয়ে স্থানীয়দের সহায়তায় ভেতরে যাই। এরপর ওই ডাকাতকে দেখতে পাই।
স্থানীয় ইউপি সদস্য তবিবর রহমান বলেন, ধারণা করা হচ্ছে আটক ঐ যুবক বিকেলে ব্যাংকে এসে লুকিয়ে ছিল। এর মাঝে রাতে সবাই বের হলে ডাকাতির চেষ্টা করে।
তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদ ডাকাতির চেষ্টায় একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ বিষয়ে তদন্তসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।