


ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদ এবং জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধের দাবিতে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় দেবীগঞ্জ পৌর শহরের বিজয় চত্বরে বাংলাদেশ ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদ দেবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ হয়।
এসময় বক্তব্য দেন যুব অধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, শ্রমিক অধিকার পরিষদের সহ-সভাপতি আব্দুর রহমান, গণ অধিকার পরিষদ দেবীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আবতাব ভূঁইয়া, সদস্য সচিব ইসরাফিল ইসলাম, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মাছুম ইসলাম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। বক্তারা বলেন, ২৯ আগস্ট রাতে ভিপি নুরের ওপর যে হামলা হয়েছে তা পরিকল্পিত। এর দায় সরকারকে নিতে হবে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানান।
একই সঙ্গে ফ্যাসিস্ট সরকারের সহযোগী জাতীয় পার্টি নিষিদ্ধ এবং জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে গ্রেফতারের দাবি তোলেন। সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল দেবীগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।