


বিদ্যমান রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তন করে আল্লাহর তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থার প্রস্তাবনা নিয়ে রংপুরেও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে হেযবুত তওহীদ। বুধবার দুপুরে সংগঠনের জেলা শাখার উদ্যোগে রিপোর্টার্স ক্লাব রংপুরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে রংপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় মূল প্রতিপাদ্যের উপর বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক বজ্রশক্তির পত্রিকার সম্পাদক এসএম সামসুল হুদা।
প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, দেশে যে রাজনৈতিক অশান্তি, অর্থনৈতিক দুর্বৃত্তায়ন, বিচার বিভাগের অপরাজগতা চলছে সেগুলো মূলত ব্রিটিশ ঔপনিবেশিক যুগের ব্যবস্থা যা সাম্রাজ্যবাদীরা আমাদেরকে শোষণ করার লক্ষ্যেই চাপিয়ে দিয়েছিলো। তাই এখন সময় এসেছে এসব পরিবর্তন করে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করার। তবেই সর্বাঙ্গনে মিলবে শান্তি।
সেই লক্ষ্যেই দেশব্যাপী ‘তওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার’ প্রস্তাবনা নিয়ে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে হেযবুত তওহীদ। এ কাজে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি। এসময় সংগঠনের রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে ইসলামের প্রকৃত রূপরেখা শান্তিপূর্ণ উপায়ে মানব জাতির সামনে তুলে ধরে আসছে হেযবুত তাওহীদ। বিপ্লব পরবর্তী সময়ে যখন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কমিশন গঠন করে সংস্কার প্রস্তাবনা আহ্বান করেন। সে সময় হেযবুত তওহীদের পক্ষ থেকে তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা সম্মিলিত একটি প্রস্তাবনা দেওয়া হয়েছিল। এরপর এই প্রস্তাবনার ওপর জাতীয় প্রেসক্লাব, সুশীল সমাজ বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বাঙ্গনে জনমত গঠনের লক্ষ্যে মতবিনিময় করে যাচ্ছে সংগঠনটি। তারই অংশ হিসেবে আজ রংপুরে গণমাধ্যম কর্মীদের সাথে এই মতবিনিময়।
আমাদের প্রস্তাবনায় শিক্ষা,স্বাস্থ্য, চিকিৎসা, অর্থ, বিচারবিভাগসহ সকল স্তরে আল্লাহর বিধান মোতাবেক অত্যন্ত বাস্তবমুখী রূপরেখা তুলে ধরা হয়ে। যা গ্রহণ করলে চলমান এই অশান্তি নির্মূল হয়ে শান্তি প্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। মতবিনিময়ে রিপোর্টার্স ক্লাব রংপুরের সভাপতি ৭১ টিভির ব্যুরো প্রধান শাহ বায়েজীদ আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, যুগ্ম সাধারণ সম্পাদক গাজি টিভির প্রতিনিধি আজম পারভেজ, সাংগঠনিক সম্পাদক সময় টিভির প্রতিনিধি আব্দুর রসিদ জীবন, ডিবিসি নিউজের আমিরুল ইসলাম, দৈনিক প্রথম খবরের বার্তা সম্পাদক সিনিয়র সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলাসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। হেযবুত তওহীদ কর্তৃক আধুনিক রাষ্ট্রব্যবস্থার প্রস্তাবনার উপর উপস্থিত গণমাধ্যম কর্মীরাও সুচিন্তিত মতামত পেশ করেন। এছাড়াও মতবিনিময়ে সংগঠনটির পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন, সংগঠনের রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম, সাবেক সভাপতি আশেক মাহমুদ, জেলা সভাপতি আবুল কালাম আজাদ রুবেল, সহ-সভাপতি আব্দুল ওয়াহাব মিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।