বুধবার দুবাইয়ের মাঠে এই জয়ে ফাইনালের টিকিট পেয়ে গেল ভারত। তবে বাংলাদেশের আশা এখনো শেষ হয়ে যায়নি। কারণ পাকিস্তানও রয়েছে ২ পয়েন্টে। ফলে বৃহস্পতিবার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি হয়ে উঠেছে অলিখিত সেমিফাইনাল। যে জিতবে, সে-ই উঠবে ফাইনালে ভারতের মুখোমুখি হতে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ, তবে সেই সিদ্ধান্ত খুব বেশি কাজে আসেনি। ভারতের হয়ে অভিষেক শর্মার ঝড়ো ইনিংস আর শেষ দিকে হার্দিক পান্ডিয়ার দৃঢ়তায় তারা তোলে ২০ ওভারে ১৬৮ রান। জবাবে বাংলাদেশ অলআউট হয়ে যায় মাত্র ১২৭ রানে। ফলে
ম্যাচের শুরুতে ভারতের দুই ওপেনার, বিশেষ করে অভিষেক শর্মা, ছিলেন দুর্দান্ত ছন্দে। অধিনায়ক জাকের আলী অনিকের এক ভুলে জীবন পেয়ে ধুমধাড়াক্কা ব্যাটিং শুরু করেন অভিষেক। মাত্র ৩৭ বলে ৭৫ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে রানআউট হন তিনি। পাওয়ারপ্লেতে ভারত তোলে ৭২ রান, যা প্রাথমিক ধাক্কা সামলাতে না পারা বাংলাদেশের জন্য হয়ে ওঠে বড় চাপ।
বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ হোসেন ২টি এবং তানজিম হাসান, মুস্তাফিজ ও সাইফউদ্দিন ১টি করে উইকেট নেন। ইনিংসের শেষ ওভারে মোহাম্মদ সাইফউদ্দিন দেন মাত্র ৪ রান, তবুও ভারতের সংগ্রহ থামে ১৬৮ রানে।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম ফেরেন মাত্র ১ রানে। এরপর কিছুটা দৃঢ়তা দেখান সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন। পাওয়ারপ্লে শেষে বাংলাদেশ ১ উইকেটে ৪৪ রান তুললেও, এরপর দ্রুত উইকেট হারাতে থাকে। ইমন (২১), হৃদয় (৭), শামীম (০), জাকের (৪) এবং সাইফউদ্দিন (৪) কেউই টিকতে পারেননি। সাইফ হাসান একপ্রান্ত ধরে রাখলেও সঙ্গ না পাওয়ায় বাংলাদেশ এগোতে পারেনি।
ব্যক্তিগতভাবে দুর্দান্ত ইনিংস খেলেন সাইফ হাসান। ৫১ বলে ৬৯ রানের ইনিংসে একের পর এক বাউন্ডারিতে ম্যাচে সম্ভাবনা জাগিয়েছিলেন, কিন্তু তার আউটের পর বাংলাদেশের বাকি ইনিংস ধসে পড়ে। শেষ ৫ উইকেট হারায় মাত্র ১৮ রানে। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১২৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
ভারতের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন কুলদীপ যাদব, যিনি ১৮ রান খরচায় নেন ৩টি উইকেট। বরুণ চক্রবর্তী ও বুমরাহ নেন ২টি করে উইকেট, আর ১টি করে উইকেট পান অক্ষর প্যাটেল ও তিলক ভার্মা।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ১৬৮/৬ (অভিষেক ৭৫, পান্ডিয়া ৩৮, গিল ২৯, অক্ষর ১০; রিশাদ ২/২৭, তানজিম ১/২৯, মুস্তাফিজ ১/৩৩, সাইফউদ্দিন ১/৩৭)।
বাংলাদেশ: ১৯.৩ ওভারে ১২৭ (সাইফ ৬৯, পারভেজ ২১; কুলদীপ ৩/১৮, বুমরা ২/১৮)।
ফল: ভারত ৪১ রানে জয়ী।


























