1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুর-৪: আসনে লড়াই হবে ত্রিমূখী, মাঠে নেই জাতীয় পার্টির তৎপরতা | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

রংপুর-৪: আসনে লড়াই হবে ত্রিমূখী, মাঠে নেই জাতীয় পার্টির তৎপরতা

সাইফুল ইসলাম, কাউনিয়া (রংপুর)
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৬ জন দেখেছেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গন সরব হয়ে ওঠেছে।  বিভিন্ন দলের নেতা কর্মীরা মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন।  সরকার কর্তৃক ভোটের  প্রতিশ্রুতি ও প্রস্তুতি থাকার পরও শঙ্কার মধ্য দিয়ে নির্বাচনকে ঘিরে চলছে আলোচনার ঝড়। সারা দেশের ন্যায় রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনেও জমে উঠেছে ত্রিমূখী প্রতিদ্বন্দ্বিতা। মাঠে সরব বিএনপি, জামায়াত ও এনসিপি; ইসলামী আন্দোলন বাংলাদেশ দলেও প্রস্তুতিতে আছে। তবে জাতীয় পার্টির কোনো দৃশ্যমান তৎপরতা নেই, যা নিয়ে স্থানীয় ভোটারদের মধ্যে নানা আলোচনা সমালোচনা  চলছে।
ইতোমধ্যে জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপি প্রাথমিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেছে। বিএনপি এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা না করলেও মনোনয়ন প্রত্যাশীরা ভোটের  মাঠ গরম করছেন।
রংপুর-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রংপুর  জেলা বিএনপির সাবেক  সভাপতি ও কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা মাঠে সক্রিয় রয়েছেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূলের সাথে নিবিড় যোগাযোগের কারণে তাকে এ আসনের “হেভিওয়েট প্রার্থী” হিসেবে দেখা হচ্ছে। তিনি বলেন—”দীর্ঘদিন ধরে আমি এ অঞ্চলের মানুষের সুখ-দুঃখে পাশে আছি। জনগণের ভালোবাসা ও আস্থাই আমার শক্তি। যদি দল আমাকে মনোনয়ন দেয় এবং মানুষ ভোট প্রদানের সুযোগ পায়, তবে প্রতিদ্বন্দ্বী যেই হোক আমি জয়ের ব্যাপারে আশাবাদী।”
জামায়াত: রংপুর মহানগর জামায়াতের আমীর এটিএম আজম খান এ আসনে দলীয় প্রার্থী হিসেবে মাঠে আছেন। তিনি বলেন “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়া ও দলমত ধর্ম বর্ণ সকল স্তরের জনগণের অধিকার আদায়ে জামায়াত সবসময় সংগ্রাম করছে এ সংগ্রাম অব্যাহত থাকবে। রংপুর-৪ আসনের মানুষ ন্যায়ের পথে বিশ্বাসী। ” জনগণের সমর্থন নিয়ে আমরা বিজয়ী হবো ইনশাআল্লাহ।”
এনসিপি: এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব  আখতার হোসেনকে এ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে । তরুণ ভোটারদের কাছে তিনি নতুন নেতৃত্বের বার্তা দিচ্ছেন। উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম জানান “আখতার হোসেন একজন তরুণ ও সুশিক্ষিত  যোগ্য প্রার্থী। জনগণ পরিবর্তন চায়। আমরা বিশ্বাস করি, তরুণ ভোটারদের সমর্থন নিয়ে এনসিপি একটি চমক দেখাবে।”
 ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মাদ জাহিদ হোসেন। নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন—”আমরা শান্তিপূর্ণ পরিবর্তনের রাজনীতি করি। ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার। আমাদের এই বাংলাদেশ খুলাফায়ে রাশেদিনের নমুনায় কল্যাণ রাষ্ট্র হিসেবে পরিচালিত হলে মানুষ ন্যায্য অধিকার ফিরে পাবে, দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ গড়ে উঠবে। রংপুর-৪ আসনের মানুষ পরিবর্তনের জন্য উদগ্রীব। তাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি আশাবাদী, ইনশাআল্লাহ এই আসনে ইসলামী আন্দোলনের বিজয় নিশ্চিত হবে।”।
অন্যদিকে জাতীয় পার্টির তেমন কোনো মাঠপর্যায়ের তৎপরতা নেই। তবে এর আগে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব মোস্তফা সেলিম বেঙ্গল। তবে মাঠে তার তেমন কোন তৎপরতা নেই। এতে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে দলটির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা দাবি করেছেন “আমাদের সাংগঠনিক প্রস্তুতি রয়েছে। সময় মতো আমরা নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো।”
কাউনিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬ হাজার ৩১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৭৪৯ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫৫৯ জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার ৫ জন।
স্থানীয়রা বলছেন, আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই রংপুর-৪ আসন রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গ্রাম থেকে শহর—সর্বত্র আলোচনা এখন প্রার্থীদের অবস্থান, সম্ভাবনা ও নির্বাচনী সমীকরণ নিয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )