


উত্তর ছত্তিশগড় ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বিহার অঞ্চলে সরে গিয়ে দুর্বল হলেও আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের শঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসময় সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।
তবে, পরের দিনগুলোতে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমবে। এর মধ্যে ২ নভেম্বর (রোববার) ঢাকা ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে।
৩ নভেম্বর (সোমবার) কেবল চট্টগ্রাম অঞ্চলের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে, অন্যত্র আবহাওয়া থাকবে শুষ্ক ও আংশিক মেঘলা। ৪ নভেম্বর (মঙ্গলবার) চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে।