


প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের স্কুলমুখী করতে ও ঝরে পড়া রোধে টাঙ্গাইলের ধনবাড়ীতে ১০ টি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-গ্রাউন্ড’বা মিনি পার্ক স্থানের উদ্যোগ নিয়েছে টাঙ্গাইল জেলা প্রশাসন। ‘বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান উপজেলার বীরতারা ইউনিয়নের বাঁশনিয়োগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় খেলার সামগ্রী পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে বিদ্যালয়টির শিক্ষার্থীরা। শিশু শিক্ষার্থী মোছা. নুসরাত, ফাতেমা জান্নাত ফিহা, রুমি আক্তারসহ আরো অনেকে বলেন, আগে পড়াশোনার বাইরে ফাঁকা মাঠে দৌড়পাড়াই ছিল আমাদের কাজ। এখন স্লিপার, ব্যালেন্সার ও বাসকেটবলসহ বিভিন্ন খেলা-ধুলার সামগ্রী পেয়েছি। এখন আমরা টিফিন পিরিয়ডে ও স্কুলে এসেই বিভিন্ন খেলায় অংশ নিতে পারব। সব মিলিয়ে খুব ভালো লাগছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিভাবক নাজনীন আক্তার নীলা, বকুল আক্তার সহ আরো অনেক অভিভাবকরা বলেন, অনেক শিশুই পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলত। প্লে-গ্রাউন্ড স্থাপনের ফলে তাদের বিদ্যালয়মুখী হওয়ার আগ্রহ বেড়ে যাবে। তাছাড়া সন্তানরা এখন শুধু বই নয়, খেলাধুলার মাধ্যমে মন খুলে শেখার সুযোগ পাচ্ছে- এটাই সবচেয়ে বড়ো প্রাপ্তি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ বলেন, প্রতিটি বিদ্যালয়ে শিশুদের বয়স উপযোগী দোলনা, স্লাইড, দড়ি লাফ, ব্যালান্স বোর্ডসহ বিভিন্ন খেলার-সামগ্রী বসানো হবে। সেই সাথে পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে ১ করে ও পৌরসভায় ৩ টি প্রাথমিক বিদ্যালয়ে এই মিনি শিশু পার্ক স্থাপন করা হবে। এতে শিশুরা আনন্দের মধ্য দিয়ে শিক্ষাগ্রহণের সুযোগ পাবে। আমরা আনন্দের সঙ্গে শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে পারলে আক্ষরিক অর্থেই তারা আমাদের সম্পদ হয়ে উঠবে।
এই শিশুরাই এক সময় এদেশের প্রতিটি সেক্টরে অসাধারণ অবদান রাখবে, দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে। একইসঙ্গে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে প্রতিটি বিদ্যালয়ে বাংলাদেশের মানচিত্র সম্বলিত ম্যুরাল নির্মাণেরও উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার। এসময় ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয় এটি শিশুদের মানসিক বিকাশ, দলগত চেতনা এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদ্যালয়ে খেলার পরিবেশ থাকলে শিশুরা নিয়মিত স্কুলে আসতে আগ্রহী হবে- ফলে ঝরে পড়ার হার অনেকটাই কমে যাবে। প্লে-গ্রাউন্ড স্থাপনের এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান ও সাংবাদিক সোহাগ হোসেনসহ স্থানীয়রা গণ্যমান্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।