


ঢাকাই চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পারিবারিক সম্পত্তি ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে ঘন ঘন হুমকি দেওয়া হচ্ছে বলে সম্প্রতি তিনি অভিযোগ করেছেন।
অভিনেত্রীর ভাষ্যমতে, ‘তারেক আমাকে ফোন করে জানায়, খুলনায় গেলে আমাকে মারার চেষ্টা করা হবে। নিজের নিরাপত্তার কথা ভেবে সেখানে যাওয়া সম্ভব হয়নি।’
তিনি প্রশাসনের কাছে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য আবেদন জানিয়েছেন। তবে অভিযুক্ত তারেক আহমেদ চৌধুরী দাবি করেন, বিষয়টি ‘ভিত্তিহীন’ এবং তিনি কাউকে কোনো হুমকি-ধমকি দেননি।
পপিকে ঘিরে পারিবারিক বিরোধ ও সম্পত্তি সংক্রান্ত জটিলতা বেশ কিছুদিন ধরেই সংবাদের শিরোনাম হচ্ছে। চলতি বছরের জুলাই মাসে পপির আরেক চাচা মিয়া বাবুল হোসেনও একই ব্যক্তির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছিলেন।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে পপির বিরুদ্ধেও জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছিল। ওই সময় খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় পপির বোন ফিরোজা পারভীন তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই ঘটনার পরই পপি স্বামী-সন্তানসহ প্রকাশ্যে আসেন।
এই বিতর্কের মধ্যে অভিনেত্রী জানিয়েছেন, আপাতত নতুন কোনো সিনেমায় তার অভিনয়ে ফেরার সম্ভাবনা খুবই কম।